বরবটি ভর্তা
উপকরণঃ
- বরবটি – ৩০০ গ্রাম
- পেঁয়াজকুচি – ১/২ কাপ
- রসুনকুচি – ৩ টি কোয়া
- কাঁচা মরিচ – ৪-৫টি
- হলুদ গুঁড়া – ১/২ চা চামচ
- জিরা গুঁড়া – ১/২ চা চামচ
- লেবুর রস -১ টেবিল চামচ
- লবন – ১/২ চা চামচ অথবা স্বাদ মতো
- সরিষার তেল – ২ টেবিল চামচ
- ধনেপাতাকুচি – ২ টেবিল চামচ (ঐচ্ছিক)
পদ্ধতিঃ
- বরবটি ধুয়ে ১ ইঞ্চি আকারে কেটে এক পাশে রাখুন।
- একটি প্যান তেল গরম করুন। গরম তেলে পেঁয়াজকুচি এবং রসুনকুচি দিয়ে প্রায় ১ মিনিট ভাজুন।
- তারপর বরবটি, কাঁচা মরিচ, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, লেবুর রস ও লবণ দিন এবং উপকরণগুলো নরম হয়ে আসা পর্যন্ত মাঝারি তাপে ভাজতে থাকুন ( প্রায় ১০-১২ মিনিটের কাছাকাছি )।
- তারপর ধনে পাতাকুচি দিয়ে চুলা বন্ধ করে দিন।
- রান্না বরবটি ঠাণ্ডা হলে শিলনোড়া বা চপারের সাহায্যে এটি ভর্তা করে নিন।
- বরবটি ভর্তা গরম সাদা ভাতের সাথে পরিবেশন করুন।
লাউ এর খোসা ভর্তা
উপকরনঃ
- লাউ এর খোসা- আনুমানিক ১ ও ১/২ পাউন্ড লাউ থেকে ছিলে নিন
- কাঁচামরিচ - ৩ টা
- পেঁয়াজকুচি - ২ টেবিল চামচ
- হলুদ গুঁড়া- ১ চিমটি
- জিরা গুঁড়া - ১/২ চা চামচ
- লবন - ১/২ চা চামচ বা স্বাদমত
- ডিম- ১ টা (আপনি চাইলে ডিম ব্যবহার নাও করতে পারেন)
- ধনেপাতা কুচি- ১ টেবিল চামচ
- তেল- ১/২ টেবিল চামচ
পদ্ধতিঃ
- একটি প্যানে অল্প পানি নিয়ে তাতে লাউ এর খোসা, কাঁচামরিচ ও লবন দিয়ে সিদ্ধ করে নিন। খোসা নরম হয়ে আসলে চুলা বন্ধ করে ঠান্ডা হতে রাখুন।
- ঠান্ডা হলে সিদ্ধ খোসা ও কাঁচামরিচ শিল-পাটায় নিয়ে পিষে নিন। আপনি চাইলে চপারে দিয়েও খোসা পেস্ট করে নিতে পারেন।
- এবার প্যানে তেল গরম করে তাতে পেঁয়াজকুচি দিন এবং হাল্কা নরম হয়ে আসা পর্যন্ত ভাজুন। তারপর বেটে রাখা খোসা তাতে দিয়ে, সামান্য হলুদ গুঁড়া, জিরা গুঁড়া ও লবন দিন এবং ভালভাবে নেড়ে দিন।
- মিশ্রণটি ২ মিনিটমত ভেজে ডিম দিন এবং ক্রমাগত নাড়তে থাকুন যেন ডিম ভালভাবে মিশ্রণটির সাথে মিশে যায়।
- মিশ্রনটি থেকে পানি শুকিয়ে আসা পর্যন্ত ভাজুন। তারপর ধনেপাতাকুচি উপরে ছড়িয়ে দিয়ে চুলা বন্ধ করে দিন।
- লাউ এর খোসা ভর্তা গরম ভাতে সাথে পরিবেশন করুন।
টমেটো ভর্তা
উপকরণঃ
- টমেটো - ২ টা মাঝারি আকারের
- কাঁচামরিচ - ৩-৪ টা
- পেঁয়াজকুচি- ২ টেবিলচামচ
- লবন - ১/২ চা চামচ বা স্বাদমত
- সরিষার তেল- ১ চা চামচ + ১ চা চামচ
- ধনিয়াপাতা কুচি - ১ টেবিল চামচ (ইচ্ছা)
পদ্ধতিঃ
- টমেটোর গায়ে সামান্য তেল মাখিয়ে একটি প্যানে নিয়ে মাঝারি আঁচে টেলে নিন (মাঝে মাঝে টমেটো নেড়ে দিন)। আপনি চাইলে প্যান ঢেকে দিয়ে টমেটো পুড়াতে পারেন।
- টমেটো নরম ও পোড়া পোড়া হয়ে আসলে চুলা বন্ধ করে ঠান্ডা হতে রাখুন।
- প্যানে কাঁচামরিচ নিয়ে মাঝারি আঁচে নরম ও হাল্কা পোড়া পোড়া হয়ে আসা পর্যন্ত টেলে নিন।
- এবার টমেটোর চামড়া ছাড়িয়ে একটি বাটিতে নিন। তাতে মরিচ পোড়া, পেঁয়াজকুচি, ধনিয়াপাতাকুচি, লবন ও সরিষার তেল দিয়ে একটি চামচ বা হাত দিয়ে ভাল করে ভর্তা করে নিন। আপনি চাইলে চপারে দিয়েও ভর্তা করতে পারেন।
- টমেটো ভর্তা গরম ভাতের সাথে পরিবেশন করুন।
মরিচ ভর্তা
উপকরণঃ
- কাঁচামরিচ - ১২-১৫ টা
- পেঁয়াজকুচি- ২ টেবিলচামচ
- লবন - ১/২ চা চামচ বা স্বাদমত
- সরিষার তেল- ১/২ চা চামচ
পদ্ধতিঃ
- একটি প্যানে কাঁচামরিচ নিয়ে টেলে নিন। কাঁচামরিচ নরম ও হাল্কা পোড়া পোড়া হয়ে আসলে চুলা বন্ধ করে ঠান্ডা হতে রাখুন।
- বাটিতে কাঁচামরিচ, পেয়াজকুচি, লবন ও সরিষার তেল নিয়ে একটি চামচ বা হাত দিয়ে ভাল করে মাখিয়ে নিন। আপনি চাইলে চপারে দিয়েও মরিচ ভর্তা করে নিতে পারেন।
- মরিচ ভর্তা গরম ভাত বা খিচুড়ির সাথে পরিবেশন করুন।
বেগুন ভর্তা
উপকরণঃ
- আস্ত বেগুন - ১ টা (৪০০ গ্রাম)
- সরিষার তেল - ১ টেবিল চামচ
- পেঁয়াজ কুচি - ১/৪ কাপ
- কাঁচামরিচ - ৪-৫ টা (কুচি করে দিতে পারেন অথবা হাল্কা করে টেলে নিয়ে ভর্তা করে দিতে পারেন)
- ধনিয়াপাতা কুচি- ২ টেবিল চামচ (ইচ্ছা)
- লবণ- ১ চা চামচ অথবা পছন্দমত
- বেগুন নরম হওয়া পর্যন্ত পুড়িয়ে নিন। বিভিন্ন উপায়ে বেগুন পুড়াতে পারেনঃ
- সবচেয়ে ভাল উপায় হচ্ছে চুলার উপর আগুনে পুড়ানো। বেগুনটা ধুয়ে আগুনের উপর দিয়ে ভাল করে ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশে পুড়িয়ে নিন।
- ওভেনের ব্রয়লারে দিয়েও বেগুন পুড়াতে পারেন। এজন্য প্রথমে বেগুনের গায়ে ভাল করে তেল ব্রাশ করে নিন। তারপর ফয়েল দিয়ে মুড়িয়ে ৪০-৫০ মিনিট বা নরম হওয়া পর্যন্ত ব্রয়ল করুন।
- আপনি চাইলে বেক করেও বেগুন পুড়াতে পারেন। প্রথমে কাঁটাচামচ দিয়ে বেগুনের গায়ে ভাল করে কেঁচে দিন। তারপর প্রিহিট ওভেনে ৪০০ ডিগ্রি ফারেনহাইটে নরম হওয়া পর্যন্ত বেক করুন।
- এই রেসিপির জন্য আমরা বেগুন ব্রয়লারে দিয়ে পুড়িয়েছি। (নিচের ছবিতে পুরো প্রণালী দেখুন।)
- বেগুন পুড়া হয়ে গেলে ওভেন বন্ধ করে বেগুনটা ঠান্ডা হতে দিন। তারপর মাংসল অংশ থেকে চামড়া আস্তে আস্তে ছাড়িয়ে নিয়ে ভাল করে ভর্তা করে নিন।
- তারপর পেঁয়াজকুচি, মরিচকুচি, লবন ও ধনিয়াপাতাকুচি ভাল করে মিশিয়ে নিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করুন।
চিংড়ি ভর্তা
উপকরণ :
- মাজারি আকারের চিংড়ি - ১৫-২০ টা
- পেয়াঁজ কুচি- ৩ টেবিল চামচ
- কাঁচা মরিচ কুচি - ২-৩টা বা স্বাদ অনুযায়ী
- হলুদের গুঁড়া - ১/৪ চা চামচ
- লাল মরিচের গুঁড়া - ১/৪ চা চামচ
- সরিষার তেল - ২ টেবিল চামচ
- লবন-১/২ চা চামচ বা স্বাদ অনুযায়ী
- ধনিয়া পাতা কুচি- ১ টেবিল চামচ
পদ্ধতি :
- চিংড়ির বেছে নিয়ে ভালভাবে ধুয়ে নিন এবং পানি ঝরিয়ে ফেলুন। তারপর চিংড়ির সাথে লবন, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া মাখিয়ে একপাশে রাখুন।
- মাঝারি আঁচে প্যানে তেল গরম করে তাতে পেয়াঁজ কুচি, কাঁচা মরিচ কুচি দিয়ে ভাজুন। পেয়াঁজ নরম হয়ে আসলে একটি পাত্রে উঠিয়ে নিন। তারপর চিংড়িগুলো প্যানে দিয়ে মাঝারি আঁচে ৩-৪ মিনিট ভাজুন।
- চিংড়ি ভাজা হয়ে গেলে সব উপকরণ একসাথে পাটায় দিয়ে বেটে নিন (খুব মিহি করে বাটার প্রয়োজন নেই।)। আপনি চাইলে চপারেও চপ করতে পারেন।
- চিংড়ি ভর্তা গরম সাদা ভাত বা খিচুড়ির সাথে পরিবেশন করুন।
মাছ রসুনের ভর্তা
পরিমান-৪-৫ জন
উপকরণ:
উপকরণ:
- তেলাপিয়া ফিলে -২ টুকরা মাঝারি (আপনি অন্য কোন মাছের ফিলে বা কাঁটা ছাড়া মাছ ব্যবহার করতে পারেন)
- রসুনের কোয়া-১২-১৫ টি(কুচি করা)
- পেঁয়াজ-আধা কাপ(কুচি করা)
- কাঁচা মরিচ-৫-৬ টুকরা অথবা আপনার স্বাদ অনুযায়ী(আস্ত শুকনা মরিচ ভেজে গুড়া করেও ব্যবহার করতে পারেন)
- হলুদ গুঁড়া-১/২ চা চামচ
- মরিচের গুড়া-১/২ চা চামচ
- ধনে পাতা-২ টেবিল চামচ(অপ্সনাল)
- সরিষার তেল- আনুমানিক ৩ তেবিল চামচ
- লবন-১ চা চামচ অথবা আপনার স্বাদ অনুযায়ী
পদ্ধতি:
- মাছের ফিলেতে হলুদ গুঁড়া, লাল মরিচের গুঁড়া,১/২ চা চামচ লবণ ভাল করে মাখিয়ে ১০ মিনিট রেখে দিন।
- প্যান এ তেল গরম করুন। মাছের মাখিয়ে রাখা ফিলে দিন এবং উভয় পাশ বাদামি রঙ হওয়া পর্যন্ত ভাজুন। প্যান থেকে মাছ নামিয়ে অন্য একটি পাত্রে রাখুন।
- প্যানের মধ্যে অবশিষ্ট তেলে কাটা পেঁয়াজ, রসুন, ১/২ চা চামচ লবণ এবং কাঁচা মরিচ কুচি দিয়ে ভাজতে থাকুন। পেঁয়াজ এবং রসুন নরম হয়ে এলে ভাজা মাছ দিয়ে দিন এবং নাড়তে থাকুন। মাছগুলোকে ভেঙে দিন।৩-৪ মিনিট ভাজুন। প্যান থেকে নামিয়ে পাত্রে রাখুন। ধনে পাতা কুচি দিয়ে হাত দিয়ে ভাল করে মাখিয়ে নিন। পরিবেশনের জন্য ছোট ছোট বল তৈরি করে পরিবেশন করতে পারেন।
ধন্যবাদ :
ইসরাত জাহান (দিশা)
(Columbia, SC, USA)
আলু ভর্তা
উপকরনঃ
- আলু - ২ টা মাঝারি আকারের
- আস্ত লাল মরিচ- ২ টা বা পছন্দমত
- পেঁয়াজকুচি - ১ টা মাঝারি আকারের
- সরিষার তেল- ১ চা চামচ
- লবণ - ১/২ চা চামচ অথবা স্বাদমত
পদ্ধতিঃ
- আলু নরম করে সিদ্ধ করে নিন। তারপর আলু ঠান্ডা করে ছিলে ভাল করে ভর্তা করে নিন।
- প্যানে অল্প তেল গরম করে তাতে আস্ত মরিচগুলো ১ মিনিট মত ভেজে নিন।
- ভাজা মরিচ ও পেঁয়াজকুচি ১ চিমটি লবণ দিয়ে ভালকরে মাখান যেন মরিচ ভেঙ্গে যায়।
- এবার মাখানো পেঁয়াজ-মরিচ, লবণ ও সরিষার তেল ভর্তা করে রাখা আলুতে দিয়ে ভালভাবে মিশান। আপনি চাইলে সবকিছু মাখানোর পর আলু ভর্তা আবার একটু তেলে ভাজতে পারেন।
- আলু ভর্তা গরম ভাতের সাথে পরিবেশন করুন।
ডিম ভর্তা
উপকরণঃ
- ডিম - ৩ টা
- পেঁয়াজকুচি - ১ টা মাঝারি আকারের
- আস্ত লাল মরিচ- ৩-৪ টা
- সরিষার তেল - ১ টেবিল চামচ
- ধনেপাতাকুচি - ২ টেবিল চামচ
- লবন- ১/২ চা চামচ বা স্বাদমত
প্রণালীঃ
- ডিম ১৫-২০ মিনিট ভাল করে সিদ্ধ করে নিন।
- ডিম ছিলে ভাল করে ভর্তা করে নিন।
- মরিচ অল্প একটু তেলে ভেজে মচমচে করে নিন। তারপর বাটিতে মরিচ, পেঁয়াজকুচি, ধনেপাতাকুচি নিয়ে লবন দিয়ে ভাল করে মাখিয়ে নিন।
- এবার এতে ভর্তা করে রাখা ডিম দিয়ে আবার ভাল করে মাখিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করুন।
সীমের বীচির ভর্তা
উপকরনঃ
- শুকনো সিমের বিচি - ১ কাপ
- পেঁয়াজকুচি - ১ টা মাঝারি আকারের
- ঝাল কাঁচামরিচকুচি- ৫-৬ টা
- সরিষার তেল - ১ টেবিল চামচ
- ধনেপাতাকুচি - ২ টেবিল চামচ
- ঘি - ১ টেবিল চামচ
- লবন- ৩/৪ চা চামচ বা স্বাদমত
প্রণালীঃ
- বিচি সারারাত পানিতে ভিজিয়ে রেখে ধুয়ে ছিলে নিন।
- তারপর বিচিগুলো পানিতে দিয়ে ভালভাবে সিদ্ধ করে পানি ঝরিয়ে নিন। সিদ্ধ বিচি ঠান্ডা করে ভাল করে মাখিয়ে নিন।
- তারপর বাকি সব উপকরণ দিয়ে আবার ভাল করে মাখিয়ে পরিবেশন করুন।
টাকিমাছ ভর্তা
উপকরনঃ
- টাকি মাছ - ৫০০ গ্রাম
- হলুদ গুঁড়া - ১ চা চামচ
- লাল মরিচের গুঁড়া - ১ চা চামচ
- পেঁয়াজকুচি - ১ টা মাঝারি আকারের
- কাঁচামরিচকুচি-৫/৬ টা (ভর্তা ঝাল করতে চাইলে, মাছ বাটার সময় কাচামরিচও দিয়ে দিতে পারেন)
- ধনিয়াপাতাকুচি - ২ টেবিলচামচ
- সরিষার তেল - ১ টেবিল চামচ
- লবন- ১/২ চা চামচ বা স্বাদমত
- মাছ বেছে ভাল করে ধুয়ে নিন। এবার হলুদ, মরিচ ও লবন দিয়ে ভালকরে মাছ মাখিয়ে রাখুন।
- একটি প্যানে তেল গরম করে মাছগুলো হাল্কা বাদামি করে ভেজে নিন।
- ভাজা মাছ ঠান্ডা হয়ে গেলে কাঁটা বেছে নিন। এবার মাছগুলো শিল-পাঠায় দিয়ে ভাল করে বেটে নিন।
- এবার বাটা মাছের সাথে কাঁচামরিচকুচি, পেয়াজকুচি, ধনিয়াপাতাকুচি দিয়ে ভাল করে মিশিয়ে নিন এবং পরিবেশন করুন গরম ভাতের সাথে মজাদার টাকি মাছ ভর্তা।






