ডিম মটরশুঁটির তরকারি


উপকরনঃ
  • ডিম -৪ টা (ভাল করে সিদ্ধ করে কুচি করে নিতে হবে)
  • মটরশুঁটি - ১/২ কাপ
  • টমেটোকুচি- ২টা
  • পেঁয়াজকুচি - ১ টা মাঝারি আকারের
  • কাঁচামরিচ- ৩ টা(মাঝখানে চিরে নিন)
  • লাল মরিচ গুঁড়া- ১/২ চা চামচ
  • হলুদ গুঁড়া - ১/২ চা চামচ
  • জিরা গুঁড়া -১/২ চা চামচ
  • গরম মসলা গুঁড়া - ১/২ চা চামচ
  • আদা বাটা - ১ চা চামচ
  • রসুন বাটা- ১ চা চামচ
  • এলাচ - ২ টা
  • দারচিনি- ২ টা
  • তেজপাতা - ১ টা
  • তেল -আনুমানিক ৩ টেবিল চামচ
  • লবন - ৩/৪ চা চামচ বা স্বাদমত
প্রণালীঃ
  • পাত্রে তেল গরম করে আস্ত গরম মসলাগুলো দিয়ে কিছুক্ষন নাড়াচাড়া করুন। তারপর পেঁয়াজকুচি দিয়ে নরম হওয়া পর্যন্ত ভাজুন।
  • এবার লবন ও একে একে বাকি সব মসলা দিয়ে ১ মিনিট মত নাড়ুন। তারপর টমেটো ও মটরশুঁটি দিয়ে নাড়ুন।
  • ১/২ কাপ পানি দিয়ে ঢাকা দিয়ে দিন। পানি কমে তেল ভেসে উঠলে কুচানো সিদ্ধ ডিম দিয়ে সাবধানে নেড়ে দিন। ৩-৪ মিনিট মাঝারি আঁচে রান্না করে চুলা বন্ধ করে দিন।
  • গরম গরম ভাত, রুটি বা পরটার সাথে পরিবেশন করুন ডিম মটরশুঁটির তরকারি।

ডিমের হালুয়া

উপকরণঃ
  • ডিম-  ৪ টা 
  • মাওয়া - ১ কাপ
  • কাজু বাদাম- ৪০/৪৫ টা
  • দুধ - ১/৪ কাপ
  •  ৩/৪ কাপ
  • জয়ফল গুঁড়া - ১/৪ চা চামচ
  • জাফরান/ ফুড কালার - ১ চিমটি (ঐচ্ছিক) 
  • ঘি/গলানো বাটার - ৪ টেবিল চামচ + ১ টেবিল চামচ (প্যানে ব্রাশ করার জন্য) 
  • লবন - ১ চিমটি 
পদ্ধতিঃ
  • সব উপকরন ব্লেন্ডারে নিয়ে মিহি করে ব্লেন্ড করে নিন।
  • যেই পাত্রে হালুয়া বসাবেন তাতে ঘি ব্রাশ করে একপাশে রাখুন।
  • এবার মিশ্রনটি হাঁড়িতে নিয়ে মাঝারি আঁচে চুলায় দিন এবং নাড়তে থাকুন।
  • মিশ্রনটি ক্রমাগত নাড়তে থাকুন যতক্ষন পর্যন্ত তা ঘন হয়ে হাঁড়ির পাশ থেকে আলাদা হয়ে আসছে।
  • হালুয়া হয়ে গেলে ঘি ব্রাশ করে রাখা পাত্রে ঢেলে নিন এবং চামচ বা ছুরি দিয়ে উপরটা সমান করে নিন। তারপর তা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিন।
  • হালুয়া ঠান্ডা হয়ে গেলে পছন্দমত আকারে কেটে পরিবেশন করুন।

ডিমের জর্দা

উপকরনঃ
  • ডিম - ৩
  • পাউডার দুধ - ১/৪ কাপ
  • দুধ - ১/৪ কাপ
  • চিনি - ৬ টেবিল চামচ বা স্বাদমত
  • লবণ - ১ চিমটি 
  • ঘি/ গলানো বাটার - ৬ টেবিল চামচ
  • এলাচ গুঁড়া - ১/৪ চা চামচ
  • দারচিনি গুঁড়া- ১/৪ চা চামচ
  • কেওড়া - ১ চা চামচ
  • জাফরান / অরেঞ্জ ফুড কালার - ১ চিমটি 
  • কিসমিস - ১২ টা
  • বাদামকুচি - ১ টেবিল চামচ 
সাজানোর জন্য: (ইচ্ছা)
  • কিসমিস - ৬/৭ টা
  • বাদামকুচি - ১ টেবিল চামচ
  • খেজুরকুচি - ১ টেবিল চামচ
পদ্ধতিঃ
  • ঘি/ গলানো বাটার ছাড়া সব উপকরন একটি বাটিতে নিয়ে ভালভাবে বিট করে নিন।
  • ডিমের মিশ্রণটি নাড়তে থাকুন আর আস্তে আস্তে ঘি/গলানো বাটার মিশাতে থাকুন। (আপনি যদি বাটার ব্যবহার করেন তাহলে গরম বাটার ডিমের মিশ্রনে মিশাবেন না। বাটার মিশ্রনে মিশানোর আগে ঠান্ডা করে নিন, নাহলে এটি ডিমের মিশ্রনে দানা হয়ে থাকবে।)
  • এবার মিশ্রণটি একটি পাত্রে নিয়ে মাঝারি আঁচে চুলায় দিন এবং ক্রমাগত নাড়তে থাকুন। নাড়তে নাড়তে যখন পানি শুকিয়ে দানা দানা হয়ে আসবে তখন চুলা বন্ধ করে জরদা নামিয়ে নিন।
  • ডিমের জরদা পরিবেশন পাত্রে নিয়ে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন।

ডিমের কোরমা

উপকরণঃ
  • সিদ্ধ ডিম- ৭-৮ টি
  • পেঁয়াজ কুঁচি- ১ টি মাঝারি সাইজের
  • পেঁয়াজ বাটা- ২ টেবিল চামচ
  • রসুন বাটা- ১/২ চা চামচ
  • আদা বাটা- ১/২ চা চামচ
  • কাঁচা মরিচ- ৫-৬ টি
  • জিরার গুঁড়া- ১/২ চা চামচ
  • এলাচ- ৪-৫ টি
  • দারুচিনি- ২-৩ টুকরা
  • টক দই- ২ টেবিল চামচ (ফেটান)
  • উষ্ণ গরম দুধ- ১/২ কাপ(আপনি নারিকেলের দুধ ও দিতে পারেন)
  • বাদাম পেস্ট- ১ টেবিল চামচ
  • চিনি- ১ চা চামচ
  • তেল- আনুমানিক ৬ টেবিল চামচ
  • লবন- ১ চা চামচ অথবা আপনার স্বাদ অনুযায়ী
পদ্ধতিঃ
  • পাত্রে ২ টেবিল চামচ তেল গরম করে সিদ্ধ ডিম গুলো হালকা বাদামি করে ভেজে তুলুন। ভাজার সময় ১ চিমটি লবন ছিটিয়ে দিন।
  • পাত্রে বাকি তেল দিয়ে এলাচ এবং দারুচিনি দিয়ে নেড়ে পেঁয়াজ কুঁচি দিন। পেঁয়াজ কুঁচি নরম হওয়া পর্যন্ত ভাজুন। এবার পেঁয়াজ বাটা, আদা বাটা, কাঁচা মরিচ, জিরার গুঁড়া এবং লবন দিয়ে ভাল করে কষিয়ে নিন।এর মধ্যে  ফেটান টক দই এবং বাদাম বাটা দিয়ে হালকা আঁচে ২ মিনিট এর মত নাড়ুন। এরপর দুধ দিয়ে ফুটিয়ে তুলুন।
  • এখন ডিম দিয়ে ভাল করে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন। অল্প আঁচে কয়েক মিনিট রান্না করুন। এরপর চিনি দিয়ে আরও ২-৩ মিনিট রান্না করুন।
     
  • ঝোল মাখা মাখা হয়ে এলে নামিয়ে ফেলুন। পোলাও অথবা বিরিয়ানির সাথে পরিবেশন করুন।

ডিমের পুডিং

উপকরণঃ
  • দুধ - ৪ কাপ
  • ডিম - ৪টি
  • চিনি- ৬ টেবিল চামচ + ২ টেবিল চামচ
পদ্ধতি ঃ
  • ৪ কাপ দুধকে ফুটিয়ে ২ কাপ করে ঠান্ডা করুন।
  • একটি প্যানে ২ টেবিল চামচ চিনি এবং ১ টেবিল চামচ পানি যোগ করে মাঝারি তাপে ক্যারামেল তৈরি করুন । ক্যারামেল তৈরি হলে চুলা থেকে দ্রুত সরিয়ে নিয়ে যে পাত্রে পুডিং তৈরি করবেন (বেকিং প্যান) সে পাত্রে ক্যারামেল ঢেলে দিন। এরপর ক্যারামেল একপাশে ঠান্ডা হতে রাখুন।
  • এবার ব্লেন্ডারে ডিম, চিনি এবং দুধ দিয়ে ভালো করে ব্লেন্ড করুন। (মিশ্রণ তৈরি করতে হ্যান্ড মিক্সারও ব্যবহার করতে পারেন) এরপর মিশ্রণটি ক্যারামেল করে রাখা বেকিং প্যানে ঢেলে দিন। (ডিমের মিশ্রণটি ক্যারামেলের উপর ঢালার আগে দেখে নিন ক্যারামেল পুরোপুরি ঠাণ্ডা হয়েছে কিনা, নাহলে তা ডিমের মিশ্রনের সাথে মিশে যাবে এবং পুডিং এর উপর ক্যারামেলের স্তরটি থাকবে না।
  • আপনি চুলায় অথবা ওভেনে আপনার পুডিং তৈরি করতে পারেন।
  • ***চুলায় তৈরির পদ্ধতিঃ আপনার পুডিং প্যানটি বসানো যায় মতো এমন একটি পর্যাপ্ত বড় সসপ্যান নিন এবং এতে ফুটন্ত পানি নিন (সসপ্যানে ততটুকু পরিমান পানি নিন যতটুকু পানির মাঝে আপনার পুডিং প্যানটি বসালে প্যানটির অর্ধেক মত পানিতে ডুবে থাকবে এবং প্যান পানিতে ভাসবে না। প্যান পানির মাঝে সঠিক ভাবে বসানোর জন্য আপনি চাইলে একটি স্ট্যান্ড ব্যবহার করতে পারেন।)  এবার পুডিং প্যানটি সসপ্যানের মাঝে বসিয়ে দুটি প্যানই ঢেকে দিন এবং মাঝারি তাপে ৪০-৪৫ মিনিট চুলায় রাখুন। ( মাঝে মাঝে সস প্যানের পানি দেখে নিন। প্রয়োজনে আরো পানি যোগ করুন।)
  • ***ওভেনে তৈরির পদ্ধতিঃ আপনি যদি ওভেনে পুডিং তৈরি করতে চান তাহলে ওভেন ৩৫০ ফা এ প্রীহিট করে নিন। এখন পুডিং প্যানের চেয়ে বড় একটি প্যান নিন এবং এতে ফুটন্ত পানি নিন (প্যানে ততটুকু পরিমান পানি নিন যতটুকু পানির মাঝে আপনার পুডিং প্যানটি বসালে প্যানটির অর্ধেক মত পানিতে ডুবে থাকবে এবং প্যান পানিতে ভাসবে না।) এখন পুডিং প্যানটি বড় প্যানে বসিয়ে দুটি প্যানই ঢেকে দিন এবং ওভেনে ৪৫-৬০ মিনিটমত বেক করুন।
  • একটি ছুরি দিয়ে পুডিং হয়েছে কিনা দেখুন। ছুরির মাথা পুডিং এর মাঝে হাল্কা করে ঢোকান; যদি ছুরিটির মাথা পরিষ্কার বের হয়ে আসে, তাহলে পুডিং তৈরি হয়ে গেছে। আর যদি ছুরিতে আঠালো ডিমের মিশ্রন লেগে থাকে তাহলে পুডিংটি আরও ৫-১০ মিনিটের জন্য চুলায় বা ওভেনে রেখে দিন এবং একই ভাবে ছুরি দিয়ে পরীক্ষা করুন।
  • পুডিং তৈরি হয়ে গেলে তা ঠাণ্ডা করে নিন । তারপর সাবধানে প্যানের প্রান্ত বরাবর পুরো পুডিং এর চারপাশে ছুরি দিয়ে পুডিংটি আলাদা করে নিন। তারপর প্যানের উপর একটি প্লেট বসিয়ে প্যানটি প্লেটটির উপর উল্টিয়ে পুডিংটি প্লেটে নিয়ে নিন।
  • পুডিংটি পছন্দমত আকারে কেটে পরিবেশন করুন।

ডিম আনারসের কারি

উপকরনঃ
  • আনারস - ১টি
  • ডিম - ৪টি ( ভালো ভাবে সেদ্ধ করা )
  • পেঁয়াজকুচি - মাঝারি আকারের ১টি
  • লাল মরিচ গুঁড়া - ১/৪ চা চামচ
  • হলুদ গুঁড়া - ১/২ চা চামচ
  • জিরা গুঁড়া - ১ চা চামচ
  • ধনিয়া গুঁড়া - ১ চা চামচ
  • আদা বাটা - ১ চা চামচ
  • রসুন বাটা - ১ চা চামচ
  • এলাচ - ৪ টি
  • দারুচিনি - ২ টি
  • তেজ পাতা - ২টি
  • নারিকেলের দুধ - ৩ কাপ
  • চিনি- ১ টেবিল চামচ (আনারস কতটুকু মিষ্টি সে অনুযায়ী কমবেশী দিতে পারেন)
  • তেল - ৪ টেবিল চামচ +  ৩ চা চামচ
  • লবন - ১ চা চামচ অথবা স্বাদ অনুযায়ী
পদ্ধতিঃ
  • আনারসের খোসা ছাড়িয়ে ধুয়ে নিন। তারপর ছোট ছোট টুকরা করে একটি বাটিতে নিয়ে এক পাশে রেখে দিন।
  • একটি প্যানে ১ চা চামচ তেল গরম করে তাতে পেঁয়াজকুচি, দারুচিনি ও এলাচ দিয়ে হালকা বাদামী হয়ে আসা পর্যন্ত ভাজতে থাকুন। ভাজা হয়ে গেলে মিশ্রনটি ব্লেন্ডারে ব্লেন্ড করে পেস্ট তৈরি করুন।
  • সেদ্ধ করা ডিমগুলোর খোসা ছাড়িয়ে নিন। ডিমের উপর ১ চিমটি হলুদ আর ১/৪ চা চামচ লবন ছিটিয়ে দিয়ে ভালোভাবে মেশান। 
  • এবার প্যানে ২ চা চামচ তেল গরম করুন এবং তাতে ডিমগুলো সোনালী রঙ করে ভেজে তুলুন। ভাজা হয়ে গেলে প্যান থেকে ডিম তুলে নিয়ে এক পাশে রাখুন। (আপনি চাইলে ডিম অর্ধেক করে কেটে নিতে পারেন)



  • প্যানে ৪ টেবিল চামচ তেল গরম করুন। গরম তেলে আনারস, পেস্ট করে রাখা পেঁয়াজ ও বাকি সব মসলা দিয়ে কয়েক সেকেন্ড কষিয়ে নিন ।
  • এরপর আনারসের মিশ্রনে  ১ কাপ নারিকেলের দুধ দিয়ে ভালো ভাবে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন। মসলা থেকে তেল আলাদা হওয়া  পর্যন্ত রান্না করুন।(যদি আনারস নরম না হয় তাহলে ১/২ কাপ পানি দিন)।
  • এখন বাকি ২ কাপ দুধ দিয়ে দিন এবং তা ফুটে উঠলে সিদ্ধ ডিম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন ।
  • ৫ মিনিট রান্না করুন। এরপর চিনি দিয়ে আরও ৫-১০ মিনিটমত অল্প আঁচে রান্না করুন।
  • গরম গরম ভাত বা পোলাও এর সাথে পরিবেশন করুন ডিম আনারসের কারি।
  • ব্রেড রোল


    উপকরনঃ
    • ব্রেড স্লাইস - ৬ টি (বড় সাইজের)
    • ডিম - ২টি
    • পেঁয়াজকুচি – ১টি
    • কাঁচা মরিচকুচি – ৩টি
    • ধনিয়াপাতাকুচি – ১ টেবিল চামচ
    • লবন – ১/৪ চা চামচ
    • তেল – ১/২ চা চামচ
    • তেল - ভাজার জন্য
    পদ্ধতিঃ
    •  বাটিতে ডিম নিয়ে এক চিমটি লবন দিন এবং ভালো ভাবে বীট করে এক পাশে রেখে দিন ।
    • একটি প্যানে ১ টেবিল চামচ তেল গরম করুন। তেল গরম হলে এতে পেঁয়াজ দিন এবং নরম না হওয়া পর্যন্ত ভাজুন।  এখন কাঁচামরিচকুচি দিয়ে কয়েক সেকেন্ড মিশ্রণটি নাড়ুন। তারপর বীট করা ডিম দিয়ে ৩-৪ মিনিট একটানা নাড়ুন। ডিম ঝুরি হয়ে আসলে ধনিয়াপাতাকুচি দিয়ে চুলা বন্ধ করে দিন। (আপনি রোলের জন্য আপনার পছন্দ মতো পুর ব্যবহার করতে পারেন। যদি আপনার কাছে  গাজর, বাঁধাকপি, মটরশুটির মতো সবজি থাকে বা কোন মাংসের কিমা থাকে  তাহলে আপনি তা রোলের পুরের জন্য ব্যবহার করতে পারেন।)
    • ব্রেডের বাইরের বাদামী স্তরটি কেটে নিন। একটি বাটিতে পানি নিয়ে ব্রেডটি পানির মাঝে ডোবান।এরপর ভিজানো ব্রেডটি দুই হাত দিয়ে পানি থেকে তুলে নিন এবং চাপ দিয়ে অতিরিক্ত পানি বের করে একটি প্লেটে রাখুন। (আপনি যদি আপনার রোলে ব্রেড ফ্লেভার পছন্দ না করেন তাহলে, আপনি পানির পরিবর্তে দুধ ব্যবহার করতে পারেন।)
    • এবার ব্রেডের এক কোনায় একটি লাইনে পুর রাখুন এবং রোল আকৃতিতে ঘুরিয়ে ভাঁজ করুন। একই প্রক্রিয়ায় বাকি রোলগুলো তৈরি করে নিন।
    • একটি প্যানে মাঝারি তাপে তেল করুন। তেল গরম হলে তাতে ব্রেড রোল দিয়ে আস্তে আস্তে গাঢ় বাদামি হওয়া পর্যন্ত ভাজুন। ভাজা হয়ে গেলে রোল তেল থেকে তুলে নিন এবং  অতিরিক্ত তেল শোষণের জন্য একটি কিচেন টাওয়াল বা টিস্যুর উপর রাখুন।  
    • সব রোল ভাজা হয়ে গেলে গরম গরম টমেটো কেচাপ বা অন্য যে কোন ধরনের সসের সঙ্গে পরিবেশন করুন।

    ডিমের কারি

    উপকরনঃ
    • ডিম - ৪টি
    • পেঁয়াজ - ছোট ১টি (পেস্ট করা) 
    • কাঁচা মরিচ - ৬-৭ টি বা পছন্দ অনুযায়ী (চাইলে লাল মরিচ গুঁড়োও ব্যবহার করতে পারেন) 
    • হলুদ গুঁড়া - ১/২ চা চামচ
    • জিরা গুঁড়া - ১/২ চা চামচ
    • আদা বাটা - ১/২ চা চামচ
    • রসুন বাটা - ১/২ চা চামচ
    • তেল-  ৪ টেবিল চামচ
    • লবন - ১/২ চা চামচ অথবা স্বাদমত 
    পদ্ধতিঃ
    • ডিম ভালো ভাবে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিন এবং ছুরি দিয়ে ডিমে হাল্কা করে চিরে দিন। এবার ডিমে সামান্য লবণ ও হলুদ মাখিয়ে রাখুন।
    • একটি বাটিতে পেঁয়াজ বাটা, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, আদা বাটা, রসুন বাটা এবং লবণ নিয়ে ভালো করে মিশিয়ে নিন।
    • একটি প্যানে তেল গরম করে  ডিমগুলো হালকা ভাবে ভেজে তুলে রাখুন।
    • এবার মসলার মিশ্রনটি তেলে দিয়ে কিছুক্ষন কষান। তারপর কাঁচা মরিচ দিয়ে মসলা তেল থেকে আলাদা হওয়া পর্যন্ত কষান।
    • তারপর ভাজা ডিমগুলো দিয়ে দিন এবং ১ মিনিটমত নাড়ুন। এবার ১/২ কাপ মত পানি দিয়ে প্যানের ঢাকনা দিয়ে দিন এবং ৫ মিনিটমত বা ঝোল ঘন হয়ে আসা পর্যন্ত রান্না করুন।
    • গরম ভাতের সাথে পরিবেশন করুন ডিমের তরকারি। 

    ডিমের চপ


    উপকরণ :
    • ডিম- ৩ টি (সিদ্ধ করা )
    • আলু -২ টি মাঝারি (সিদ্ধ করা )
    • পেঁয়াজকুচি -১ টি ছোট
    • কাঁচা মরিচ -৪ টি (কুচানো )
    • ধনিয়া গুড়া -১/২ চা চামচ 
    • গরম মসলা গুড়া -১/২ চা চামচ 
    • ধনিয়া পাতা -২ টেবিল চামচ (কুচানো )
    • ডিম -১ টি (ফেটানো )
    • ব্রেড ক্রাম্ব  - ১ কাপ 
    • তেল - ডুবো তেলে ভাজার জন্য  
    • লবন -১/২ চা চামচ বা স্বাদমত 

    পদ্ধতি :
    • ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে অর্ধেক করে কাটুন। 
    • আলুর খোসা ছিলে ভালোভাবে সিদ্ধ করে ভর্তা করুন। তারপর তাতে পেঁয়াজ কুচি (চাইলে পেঁয়াজ তেলে হাল্কা করা ভেজে নিতে পারেন ) , কাঁচা মরিচ কুঁচি , ধনিয়া গুড়া ,গরম মসলার গুড়া ,ধনিয়া পাতা কুচি ও লবন দিয়ে আলু ভর্তার সাথে ভালোভাবে মিশিয়ে নিন। 
    • অল্প আলু ভর্তা নিয়ে অর্ধেক করা ডিম ভালোভাবে আলু ভর্তা দিয়ে ঢেকে দিন। এটা দেখতে অনেকটা ডিমের মত হবে (আপনি চাইলে আপনার পছন্দ মত শেপ  দিতে পারেন ). একই ভাবে বাকি ডিমের টুকরা দিয়ে চপ  তৈরী করুন। 
    • চপ গুলা ফেটানো ডিমের মধ্যে  ডুবিয়ে ব্রেড ক্রাম্ব দিয়ে মাখিয়ে ১৫ মিনিট ফ্রিজে রাখুন। 
    • প্যান  এ  তেল গরম করে চপগুলো বাদামী না হওয়া পর্যন্ত ভাজুন। প্রয়োজনে চপগুলো উল্টিয়ে দিন।
    • প্যান থেকে নামিয়ে কিচেন টিসুর  উপর রাখুন অতিরিক্ত  তেল শুসে নেবার জন্য। 
    • এখন পরিবেশন করুন মজাদার সুস্বাদু ডিমের চপ। 

    ছোলার ডালে ডিম

    উপকরণ :
    • ছোলার ডাল  - ১ কাপ 
    • ডিম -৪ টি (বড়) 
    • পেঁয়াজ- ১টি মাঝারি ( কুচানো )
    • কাঁচা মরিচ - ৭-৮ টি বা আপনার স্বাদ  মত 
    • হলুদের গুঁড়া -৩/৪ চা চামচ 
    • জিরার গুঁড়া- ১/২ চা চামচ 
    • আদা বাটা - ১/২ চা চামচ 
    • রসুন বাটা - ১/২ চা চামচ 
    • এলাচ - ৪ টি 
    • দারচিনি - ২ টি 
    • তেজপাতা - ২ টি 
    • তেল - আনুমানিক ৪ টেবিল চামচ 
    • লবণ  - ১ চা চামচ বা আপনার স্বাদ  মত 
    পদ্ধতি :
    • একটি প্যান  এ  ৪-৫ কাপ পানিতে  ডিম দিয়ে ২০ মিনিট ধরে সিদ্ধ করুন। সিদ্ধ ডিমের খোসা ছাড়িয়ে নিন।
    • ডাল ধুয়ে  ১ ও ১/২ কাপ পানি দিয়ে তাতে ১/৪ চা চামচ হলুদের গুঁড়া , ১/২ চা চামচ লবণ দিয়ে ডাল  সিদ্ধ করুন পানি পুরাপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত। সিদ্ধ ডাল প্যান থেকে নামিয়ে রাখুন। 
    • সিদ্ধ করা ডিমে ১/৪ চা চামচ হলুদের গুঁড়া ও  ১/৪ চা চামচ লবণ মাখিয়ে নিন ও প্যান  এ  তেল গরম করে ডিমগুলো বাদামী করা ভাজুন। ভাজা ডিম প্যান থেকে উঠিয়ে রাখুন। (আপনি চাইলে ডিমগুলো অর্ধেক করে  নিতে পারেন )
    • এখন বাকি তেলে  কুচানো পেঁয়াজ ও কাঁচা মরিচ দিয়ে নেড়ে ১/৪ চা চামচ হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, আদা  বাটা, রসুন বাটা, এলাচ, দারচিনি, তেজপাতা ও ১/৪ চা চামচ লবণ দিয়ে অল্প আঁচে  ২-৩ মিনিট ভাজুন।  
    • তারপর তাতে সিদ্ধ করা ডাল দিয়ে মসলার সাথে ভালোভাবে মিশিয়ে নিন। ১ ও ১/২ কাপ পানি দিয়ে ঢেকে দিন। পানি ফুটতে শুরু করলে ভাজা ডিমগুলো ডালের মধ্যে দিয়ে ঢেকে দিয়ে ৫ মিনিট এর  মত রান্না করুন।
    • রান্না হয়ে গেলে গরম গরম পরিবেশন করুন ছোলার ডালে ডিম তরকারি।  

    ডিম ভর্তা

    উপকরণঃ

    • ডিম - ৩ টা
    • পেঁয়াজকুচি - ১ টা মাঝারি আকারের
    • আস্ত লাল মরিচ- ৩-৪ টা 
    • সরিষার তেল - ১ টেবিল চামচ
    • ধনেপাতাকুচি - ২ টেবিল চামচ
    • লবন- ১/২ চা চামচ বা স্বাদমত

    প্রণালীঃ

    • ডিম ১৫-২০ মিনিট ভাল করে সিদ্ধ করে নিন।
    • ডিম ছিলে ভাল করে ভর্তা করে নিন।
    • মরিচ অল্প একটু তেলে ভেজে মচমচে করে নিন। তারপর বাটিতে মরিচ, পেঁয়াজকুচি, ধনেপাতাকুচি নিয়ে  লবন দিয়ে ভাল করে মাখিয়ে নিন। 
    • এবার এতে ভর্তা করে রাখা ডিম দিয়ে আবার ভাল করে মাখিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করুন।  

    - Copyright © টক ঝাল মিষ্টি - Powered by Blogger - Thanks to Johanes Djogan -