পাউরুটির পুডিং
উপকরণ :
- দুধ- ৫ কাপ
- ডিম - ৪
- চিনি - ৩/৪ কাপ বা স্বাদমত
- চিনি - ৩ টেবিল চামচ (ক্যারামেলের জন্য)
- পাউরুটি - ৬-৭ টুকরা (এখানে আমরা ক্রিসেন্ট ব্রেড ব্যবহার করেছি। )
- ঘি- ২ টেবিল চামচ
- কিসমিস- ১৫/১৬ টুকরা
- কাগজি বাদাম কুচি (এলমন্ড ) - ৪/৫ টা
- পেস্তা বাদাম কুচি - ৬/৭ টুকরা
প্রণালী :
- দুধ সিদ্ধ করে ৪ কাপ মত ঘন করে ঠান্ডা করে নিন।
- যেই পাত্রে পুডিং বানাবেন সেইটাতে ৩ টেবিল চামচ চিনি ও ৪ টেবিল চামচ মত পানি দিয়ে মাজারি আঁচে চুলায় দিন। সাবধানে পাত্রটি ঘুরিয়ে ঘুরিয়ে চিনির ক্যারামেল তৈরী করুন। ক্যারামেল হয়ে গেলে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করতে দিন। (পুডিং এর পাত্রটি চুলার উপরে দেয়া না গেলে আলাদা পাত্রে ক্যারামেল করে দ্রুত পুডিং এর পাত্রে ঢেলে দিন )
- পাউরুটি ছোট ছোট টুকরা করে পাত্রের ক্যারামেলের উপরে সাজিয়ে দিন। এবার ঘি গলিয়ে পাউরুটির উপর ছড়িয়ে দিন। তারপর কিসমিস, বাদাম কুচি গুলো উপরে ছড়িয়ে দিয়ে একপাশে রাখুন।
- এবার ঠান্ডা করা দুধের সাথে ডিম, চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিন যেন দানা দানা না থাকে। মিশ্রণটি পাউরুটি সাজানো পুডিং এর পাত্রে ঢেলে দিন। আপনি চাইলে পুডিং চুলায় বা ওভেনে বানাতে পারেন।
*** চুলায় বানানোর প্রণালী :
আপনার পুডিং এর পাত্রের চেয়ে বড় একটি পাত্রে এমন পরিমান সিদ্ধ গরম পানি নিন যেন পুডিং এর পাত্রটি পানিতে বসালে নিচের অংশ পানিতে ডুবে থাকে কিন্তু পাত্রটি ভেসে না উঠে। এবার পুডিং এর পাত্রটি পানিতে বসিয়ে দুটো পাত্রই ঢেকে দিয়ে (আপনি চাইলে পুডিং পাত্রের নিচে একটি স্ট্যান্ড দিতে পারেন যেন না নড়ে) প্রায় ৪০-৪৫ মিনিট সিদ্ধ করুন (মাঝে দুই একবার পানি চেক করুন, প্রয়োজন হলে অল্প পানি যোগ করুন।)
*** ওভেনে বানানোর প্রণালী:
ওভেনে বেক করতে চাইলে ওভেন ৪০০ ডিগ্রী ফা এ প্রিহিট করে নিন। এবার আপনার পুডিং এর পাত্রের চেয়ে বড় একটি ওভেনপ্রুফ পাত্রে এমন পরিমান সিদ্ধ গরম পানি নিন যেন পুডিং এর পাত্রটি পানিতে বসালে নিচের অংশ পানিতে ডুবে থাকে কিন্তু পাত্রটি ভেসে না উঠে। এবার পুডিং এর পাত্রটি পানিতে বসিয়ে দুটো পাত্রই ঢেকে দিন (আপনি চাইলে পুডিং পাত্রের নিচে একটি স্ট্যান্ড দিতে পারেন যেন না নড়ে)। এবার পানিসহ পাত্রটি ওভেনে ঢুকিয়ে ৪৫-৫০ মিনিট বেক করুন।শেষে উভয় পাত্রের ঢাকনা খুলে দিয়ে ১০ মিনিট মত ওভেনে রাখুন যেন উপরে সুন্দর গোল্ডেন কালার হয়। - পুডিং নামানোর আগে ছুরির মাথা ঢুকিয়ে চেক করুন। ছুরিটি যদি পরিষ্কারভাবে বের হয়ে আসে তাহলে পুডিংটি নামিয়ে ফেলতে পারেন আর যদি পুডিংটি তখনও নরম মনে হয় তাহলে আরো ৫-১০ মিনিট চুলায় বা ওভেনে রাখুন।
- পুডিংটি হয়ে গেলে ঠান্ডা হওয়ার জন্য রাখুন। এবার একটি ছুরি দিয়ে পাত্রের পাশ থেকে পুডিং ছাড়িয়ে দিন। তারপর যেই প্লেটে পুডিং পরিবেশন করবেন তা পাত্রটির উপরে দিয়ে আস্তে করে উল্টিয়ে দিন যেন পুডিং প্লেটে চলে আসে।
- পুডিং আপনার পছন্দমত আকারে কেটে পরিবেশন করুন।
ডিমের পুডিং
উপকরণঃ
- দুধ - ৪ কাপ
- ডিম - ৪টি
- চিনি- ৬ টেবিল চামচ + ২ টেবিল চামচ
- ৪ কাপ দুধকে ফুটিয়ে ২ কাপ করে ঠান্ডা করুন।
- একটি প্যানে ২ টেবিল চামচ চিনি এবং ১ টেবিল চামচ পানি যোগ করে মাঝারি তাপে ক্যারামেল তৈরি করুন । ক্যারামেল তৈরি হলে চুলা থেকে দ্রুত সরিয়ে নিয়ে যে পাত্রে পুডিং তৈরি করবেন (বেকিং প্যান) সে পাত্রে ক্যারামেল ঢেলে দিন। এরপর ক্যারামেল একপাশে ঠান্ডা হতে রাখুন।
- এবার ব্লেন্ডারে ডিম, চিনি এবং দুধ দিয়ে ভালো করে ব্লেন্ড করুন। (মিশ্রণ তৈরি করতে হ্যান্ড মিক্সারও ব্যবহার করতে পারেন) এরপর মিশ্রণটি ক্যারামেল করে রাখা বেকিং প্যানে ঢেলে দিন। (ডিমের মিশ্রণটি ক্যারামেলের উপর ঢালার আগে দেখে নিন ক্যারামেল পুরোপুরি ঠাণ্ডা হয়েছে কিনা, নাহলে তা ডিমের মিশ্রনের সাথে মিশে যাবে এবং পুডিং এর উপর ক্যারামেলের স্তরটি থাকবে না।)
- আপনি চুলায় অথবা ওভেনে আপনার পুডিং তৈরি করতে পারেন।
- ***চুলায় তৈরির পদ্ধতিঃ আপনার পুডিং প্যানটি বসানো যায় মতো এমন একটি পর্যাপ্ত বড় সসপ্যান নিন এবং এতে ফুটন্ত পানি নিন (সসপ্যানে ততটুকু পরিমান পানি নিন যতটুকু পানির মাঝে আপনার পুডিং প্যানটি বসালে প্যানটির অর্ধেক মত পানিতে ডুবে থাকবে এবং প্যান পানিতে ভাসবে না। প্যান পানির মাঝে সঠিক ভাবে বসানোর জন্য আপনি চাইলে একটি স্ট্যান্ড ব্যবহার করতে পারেন।) এবার পুডিং প্যানটি সসপ্যানের মাঝে বসিয়ে দুটি প্যানই ঢেকে দিন এবং মাঝারি তাপে ৪০-৪৫ মিনিট চুলায় রাখুন। ( মাঝে মাঝে সস প্যানের পানি দেখে নিন। প্রয়োজনে আরো পানি যোগ করুন।)
- ***ওভেনে তৈরির পদ্ধতিঃ আপনি যদি ওভেনে পুডিং তৈরি করতে চান তাহলে ওভেন ৩৫০ ফা এ প্রীহিট করে নিন। এখন পুডিং প্যানের চেয়ে বড় একটি প্যান নিন এবং এতে ফুটন্ত পানি নিন (প্যানে ততটুকু পরিমান পানি নিন যতটুকু পানির মাঝে আপনার পুডিং প্যানটি বসালে প্যানটির অর্ধেক মত পানিতে ডুবে থাকবে এবং প্যান পানিতে ভাসবে না।) এখন পুডিং প্যানটি বড় প্যানে বসিয়ে দুটি প্যানই ঢেকে দিন এবং ওভেনে ৪৫-৬০ মিনিটমত বেক করুন।
- একটি ছুরি দিয়ে পুডিং হয়েছে কিনা দেখুন। ছুরির মাথা পুডিং এর মাঝে হাল্কা করে ঢোকান; যদি ছুরিটির মাথা পরিষ্কার বের হয়ে আসে, তাহলে পুডিং তৈরি হয়ে গেছে। আর যদি ছুরিতে আঠালো ডিমের মিশ্রন লেগে থাকে তাহলে পুডিংটি আরও ৫-১০ মিনিটের জন্য চুলায় বা ওভেনে রেখে দিন এবং একই ভাবে ছুরি দিয়ে পরীক্ষা করুন।
- পুডিং তৈরি হয়ে গেলে তা ঠাণ্ডা করে নিন । তারপর সাবধানে প্যানের প্রান্ত বরাবর পুরো পুডিং এর চারপাশে ছুরি দিয়ে পুডিংটি আলাদা করে নিন। তারপর প্যানের উপর একটি প্লেট বসিয়ে প্যানটি প্লেটটির উপর উল্টিয়ে পুডিংটি প্লেটে নিয়ে নিন।
- পুডিংটি পছন্দমত আকারে কেটে পরিবেশন করুন।
ছানার পুডিং
উপকরণঃ
- ছানা - ২ কাপ
- চিনি - ১/২ কাপ অথবা স্বাদ অনুযায়ী
- চিনি (ক্যারামেলের জন্য) - ২ টেবিল চামচ
- ডিম - ৪টি
- গুঁড়া দুধ - ১ কাপ
- এলাচ গুঁড়া - ১ চিমটি
- কাঠ বাদাম(কুচি করা) - ২ টেবিল চামচ (ঐচ্ছিক)
পদ্ধতি
- ক্যারামেল তৈরির জন্য একটি প্যানে ২ টেবিল চামচ চিনি এবং ২ টেবিল চামচ পানি মেশান এবং অল্প আঁচে বাদামি রং হওয়া পর্যন্ত চুলায় রাখুন। ক্যারামেল হয়ে গেলে তা দ্রুত পুডিং এর পাত্রে ঢেলে দিন এবং উপরে কাঠ বাদাম কুচি ছড়িয়ে দিন। এরপর এটি ঠান্ডা হতে দিন।
- এবার বাকি সব উপকরন ব্লেন্ডারে ব্লেন্ড করে পেস্ট তৈরি করুন এবং তা ক্যারামেল করা প্যানে ঢেলে দিন।
- প্যানটি একটি ট্রেতে বা অন্য একটি বড় ওভেন প্রুফ প্যানে নিন, প্যানে ২ ইঞ্চি পরিমান গরম পানি দিন।
- ওভেন ৩৫০ ফা এ প্রিহিট করে নিন। তারপর বড় প্যান বা ট্রেটি ওভেনে দিয়ে ৪৫ মিনিট রাখুন।
- একটি ছুরি দিয়ে পুডিং হয়েছে কিনা দেখুন। ছুরির মাথা পুডিং এর মাঝে হাল্কা করে ঢোকান; যদি ছুরিটির মাথা পরিষ্কার বের হয়ে আসে, তাহলে পুডিং তৈরি হয়ে গেছে। (আপনি চাইলে প্রেসার কুকারেও পুডিং তৈরি করতে পারেন। প্রেসার কুকারে ১ কাপ পানি নিন, পুডিং মিশ্রনের প্যানটি এতে বসিয়ে দিন এবং কম তাপে চুলায় ২০-২৫ মিনিট রাখুন। ছুরি দিয়ে পুডিং হয়েছে কিনা দেখুন।)
- ওভেন বা প্রেসার কুকার থেকে প্যান বের করে ঠান্ডা করুন (আপনি চাইলে ঠান্ডা হওয়ার পর পুডিং ফ্রিজে রাখতে পারেন।)
- পরিবেশনের আগে সাবধানে প্যানের প্রান্ত বরাবর পুরো পুডিং এর চারপাশে ছুরি দিয়ে পুডিংটি আলাদা করে নিন। তারপর প্যানের উপর একটি প্লেট বসিয়ে প্যানটি প্লেটটির উপর উল্টিয়ে পুডিংটি প্লেটে নিয়ে নিন। এবার আপনার পছন্দমত আকারে কেটে পরিবেশন করুন মজাদার ছানার পুডিং।









