সরষে বেগুন

উপকরনঃ 

  • বেগুন - ১ টা মাঝারি আকারের (প্রায় ২০০ গ্রাম)
  • লাল মরিচ গুঁড়া - ১/২ চা চামচ
  • হলুদ গুঁড়া - ১/২ চা চামচ
  • সাদা সরিষা বাটা - ২ টেবিল চামচ
  • কাঁচা মরিচ বাটা- ১ চা চামচ 
  • নারিকেল কুচানো - ১ টেবিল চামচ
  • কালিজিরা - ১/২ চা চামচ
  • লবন- ১ চা চামচ
  • তেল - ১/২ কাপ

প্রণালীঃ

  • বেগুন ধুয়ে ১/২ ইঞ্চি আকারের স্লাইস করে নিন।
  • বেগুনের টুকরাগুলো বাটিতে নিয়ে লাল মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া ও ১/২ চা চামচ লবন দিয়ে ভাল করে মাখিয়ে ১০ মিনিট রেখে দিন।
  • প্যানে তেল গরম করে বেগুনের স্লাইসগুলো উভয় পাশে হালকা বাদামি করে ভেজে টিস্যুতে উঠিয়ে নিন অতিরিক্ত তেল শুষে নেওয়ার জন্য (টুকরাগুলো খুব বেশি যেন নরম হয়ে না যায় লক্ষ্য রাখতে হবে)।
  • এবার প্যানে বাকি তেল গরম করে তাতে কালিজিরা দিয়ে কিছুক্ষন নাড়াচাড়া করে সরিষা বাটা, কাঁচা মরিচ বাটা, কুচানো নারিকেল ও ১/২ চা চামচ লবন দিয়ে কষিয়ে নিন।
  • মসলা থেকে তেল আলাদা হয়ে আসলে ১/৪ কাপ মত পানি দিয়ে ভাল করে মসলার সাথে মেশান।
  • এবার সাবধানে ভাজা বেগুনগুলো মসলাতে দিয়ে ঢাকা দিয়ে ৩-৪ মিনিট রান্না করুন।
  • ঝোল ঘন হয়ে আসলে বেগুনগুলো পরিবেশন পাত্রে তুলে নিন। উপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে সাজিয়ে পোলাও বা খিচুড়ির সাথে পরিবেশন করুন সরষে বেগুন।

ডাল চচ্চড়ি

উপকরনঃ
  • মসুর ডাল- ১/২ কাপ
  • পেঁয়াজকুচি- ১/৪ কাপ
  • কাঁচামরিচ (মাঝখানে চিরে নিন)- ৭-৮ টা 
  • হলুদ গুঁড়া - ১/৪ চা চামচ
  • লবণ- ১/২ চা চামচ
  • তেল- ২ টেবিল চামচ
  • ধনিয়াপাতাকুচি- ১ টেবিল চামচ (ইচ্ছা)
পদ্ধতিঃ
  • ডাল ১৫-২০ মিনিট পানিতে ভিজিয়ে রাখুন। তারপর ভালকরে ধুয়ে রাখুন।
  • প্যানে তেল গরম করে তাতে পেঁয়াজকুচি ও কাঁচা মরিচকুচি দিয়ে কয়েক সেকেন্ড ভাজুন। তারপর ডাল, হলুদ গুঁড়া ও লবন দিয়ে আরও ৩-৪ মিনিট ভাজুন। 
  • এবার ৩/৪ কাপ মত পানি দিয়ে ঢাকনা দিয়ে দিন এবং ৪-৫ মিনিট মত মাঝারি আঁচে রান্না করুন। এই সময়ে ডাল সিদ্ধ না হলে আরও কিছুক্ষন চুলায় রাখুন। (লক্ষ রাখবেন ডাল যেন বেশি নরম না হয়ে যায়) ধনিয়াপাতাকুচি উপরে ছড়িয়ে দিয়ে চুলা বন্ধ করে দিন।
  • ডাল চচ্চড়ি রুটি বা পরটা দিয়ে পরিবেশন করুন।

মচমচে ফুলকপি


উপকরনঃ

  • ফুলকপির ফুল- ১০-১২ টা (১ ইঞ্চি করে কাটা)
  • চালের গুঁড়া - ৪ টেবিল চামচ
  • কর্ণফ্লাওয়ার - ১ টেবিল চামচ
  • জিরা গুঁড়া - ১/২ চা চামচ
  • লাল মরিচ গুঁড়া - ১/ ২ চা চামচ
  • হলুদ গুঁড়া - ১/৪ চা চামচ
  • ডিম - ১ টা
  • সয়া সস- ১ চা চামচ
  • চিনি - ১/২ চা চামচ
  • লবণ - ১/২ চা চামচ + ১ চা চামচ
  • পানি - ৩ টেবিল চা চামচ (ব্যাটার বানানোর জন্য)
  • তেল- ডুবো তেলে ভাজার জন্য
পদ্ধতিঃ
  • একটি বাটিতে চালের গুঁড়া, কর্ণফ্লাওয়ার, জিরা গুঁড়া, লাল মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ১/২ চা চামচ লবণ ও চিনি নিয়ে ভাল করে মিশিয়ে রাখুন।
  • অন্য একটি বাটিতে ডিম বিট করে তাতে সয়া সস ও পানি দিয়ে মিশিয়ে নিন।
  • এবার ডিমের মিশ্রনটি চালের গুঁড়ার মিশ্রনের সাথে দিয়ে ব্যাটার বানিয়ে নিন এবং ১০-১২ মিনিট রেখে দিন।
  • একটি পাত্রে পানি ও ১ চা চামচ লবণ দিয়ে ফুটাতে দিন। পানি ফুটে উঠলে তাতে ফুলগুলো দিয়ে দিন এবং ৫-৬ মিনিট বা ফুল হাল্কা নরম না হওয়া পর্যন্ত সিদ্ধ করুন।তারপর ছাকনিতে ফুলগুলো পানি ঝরিয়ে রাখুন।
  • এবার প্যানে ভাজার জন্য তেল গরম করুন। তেল গরম হলে একটি ফুল ব্যাটারে ডুবিয়ে সাবধানে তেলে ছাড়ুন। সব পাশ হাল্কা বাদামী করে ভেজে তুলুন। (ভাজার সময় তাড়াহুড়া করবেন না, তাহলে মচমচে হয়ে উঠবে না) ভাজা হয়ে গেলে পেপার টাওয়েলে বা টিস্যুতে তুলে নিন। এভাবে সব ফুলগুলো ভেজে গরম গরম নাস্তায় অথবা খিচুড়ির সাথে পরিবেশন করুন।

বেগুনের টক ভাজি

উপকরনঃ
  • বেগুন - ২০০ গ্রাম
  • অ্যাপেল চাইডার ভিনেগার/ সাদা ভিনেগার - ২ চা চামচ
  • সয়া সস -  ২ চা চামচ
  • ব্রাউন সুগার - ২ চা চামচ (চাইলে চিনিও ব্যবহার করতে পারেন)
  • আস্ত লাল মরিচ - ৪ টা
  • পেঁয়াজকুচি - ১/৪ কাপ
  • রসুনকুচি - ১ টেবিল চামচ
  • গোলমরিচ গুঁড়া - ১/২ চা চামচ
  • লবন - ১/ চা চামচ অথবা স্বাদমত
  • তেল - ৫ টেবিল চামচ
পদ্ধতিঃ
  • বেগুন ভাল করে ধুয়ে কিউব করে কেটে নিন। একটি বাটিতে ভিনেগার, সয়া সস, গোলমরিচ ও লবন মিশিয়ে একপাশে রাখুন।
  • একটি প্যানে ৩ টেবিল চামচ তেল গরম করে তাতে বেগুনের টুকরাগুলো দিন এবং হাল্কা নরম করে ভেজে পাত্রে তুলে রাখুন।
  • এবার প্যানে বাকি তেল দিন। তেল গরম হলে আস্ত লাল মরিচগুলো (ঝাল করতে চাইলে মরিচ ভেঙ্গে টুকরা করে দিতে পারেন)দিয়ে ৫ সেকেন্ড মত ভাজুন। তারপর পেঁয়াজকুচি ও রসুনকুচি দিয়ে নরম হয়ে উঠা পর্যন্ত ভাজুন। 
  • পেঁয়াজ ভাজা হলে বেগুনগুলো দিন এবং ভিনেগারের মিশ্রনটা দিয়ে ভাল করে মিশান। এবার ঢেকে দিয়ে ৮-১০ মিনিট কম আঁচে রান্না করুন।
  • বেগুন নরম হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিন। পোলাউ, খিচুড়ি অথবা বিরিয়ানির সাথে পরিবেশন করুন ভিন্ন স্বাদের বেগুন ভাজি।  
ধন্যবাদান্তেঃ 
ইশিতা রহমান
(Columbia, SC, USA) 
 

      বেগুন ভর্তা

      উপকরণঃ
      • আস্ত বেগুন - ১ টা (৪০০ গ্রাম)
      • সরিষার তেল - ১ টেবিল চামচ
      • পেঁয়াজ কুচি - ১/৪ কাপ
      • কাঁচামরিচ - ৪-৫ টা (কুচি করে দিতে পারেন অথবা হাল্কা করে টেলে নিয়ে ভর্তা করে দিতে পারেন)
      • ধনিয়াপাতা কুচি- ২ টেবিল চামচ (ইচ্ছা)
      • লবণ- ১ চা চামচ অথবা পছন্দমত
      পদ্ধতিঃ
      • বেগুন নরম হওয়া পর্যন্ত পুড়িয়ে নিন। বিভিন্ন উপায়ে বেগুন পুড়াতে পারেনঃ
        • সবচেয়ে ভাল উপায় হচ্ছে চুলার উপর আগুনে পুড়ানো। বেগুনটা ধুয়ে আগুনের উপর দিয়ে ভাল করে ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশে পুড়িয়ে নিন। 
        • ওভেনের ব্রয়লারে দিয়েও বেগুন পুড়াতে পারেন। এজন্য প্রথমে বেগুনের গায়ে ভাল করে তেল ব্রাশ করে নিন। তারপর ফয়েল দিয়ে মুড়িয়ে ৪০-৫০ মিনিট বা নরম হওয়া পর্যন্ত ব্রয়ল করুন।
        • আপনি চাইলে বেক করেও বেগুন পুড়াতে পারেন। প্রথমে কাঁটাচামচ দিয়ে বেগুনের গায়ে ভাল করে কেঁচে দিন। তারপর প্রিহিট ওভেনে ৪০০ ডিগ্রি ফারেনহাইটে নরম হওয়া পর্যন্ত বেক করুন।
      • এই রেসিপির জন্য আমরা বেগুন ব্রয়লারে দিয়ে পুড়িয়েছি। (নিচের ছবিতে পুরো প্রণালী দেখুন।)
      • বেগুন পুড়া হয়ে গেলে ওভেন বন্ধ করে বেগুনটা ঠান্ডা হতে দিন। তারপর মাংসল অংশ থেকে চামড়া আস্তে আস্তে  ছাড়িয়ে নিয়ে ভাল করে ভর্তা করে নিন।
      • তারপর পেঁয়াজকুচি, মরিচকুচি, লবন ও ধনিয়াপাতাকুচি ভাল করে মিশিয়ে নিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করুন।

      ইলিশ মাছে কচুর লতি

      উপকরনঃ
      • কচুর লতি - ৫০০ গ্রাম
      • ইলিশ মাছ - ৪ টুকরা
      • জিরা গুঁড়া - ১/২ চা চামচ
      • ধনিয়া গুঁড়া - ১/২ চা চামচ
      • হলুদ গুঁড়া - ১ চা চামচ
      • পেঁয়াজ - ১ টা মাঝারি আকারের
      • কাঁচামরিচ - ৭-৮ টা
      • লবণ - ১ চা চামচ বা স্বাদমত
      • তেল- ৬ টেবিল চামচ
      পদ্ধতিঃ
      • লতি ছিলে ধুয়ে নিন এবং ৩ ইঞ্চিমত আকারে কেটে রাখুন।
      • একটি পাত্রে ১ লিটার মত পানি ফুটিয়ে তাতে লতিগুলো দিয়ে দিন এবং ২-৩ মিনিট ফুটিয়ে পানি ঝরিয়ে রাখুন।
      • পেঁয়াজ ও কাঁচামরিচ একসাথে বেটে নিন।
      • মাছ ধুয়ে ১/২ চা চামচ হলুদ ও ১/৪ চা চামচ লবণ দিয়ে মাখিয়ে নিন। প্যানে ২ টেবিল চামচ মত তেল গরম করে মাছগুলো হাল্কা ভেজে তুলুন।
      • বাকি তেল প্যানে গরম করে সব মসলা দিয়ে দিন। মসলা একটু কষিয়ে তাতে লতিগুলো দিন এবং নেড়ে দিন। এবার ১/২ কাপ পানি দিয়ে ঢেকে দিন এবং পানি শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করুন।
      • তারপর আরও ১ কাপ মত পানি দিয়ে ফুটিয়ে তুলুন। ফুটে উঠলে মাছগুলো দিয়ে সাবধানে নেড়ে ঢাকনা দিয়ে দিন। ঝোল ঘন হয়ে তেল উপরে উঠে আসলে চুলা বন্ধ করে দিন।
      • গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন।

      সীমের বীচির ভর্তা

      উপকরনঃ

      • শুকনো সিমের বিচি - ১ কাপ
      • পেঁয়াজকুচি - ১ টা মাঝারি আকারের 
      • ঝাল কাঁচামরিচকুচি- ৫-৬ টা 
      • সরিষার তেল - ১ টেবিল চামচ
      • ধনেপাতাকুচি - ২ টেবিল চামচ
      • ঘি - ১ টেবিল চামচ 
      • লবন- ৩/৪ চা চামচ বা স্বাদমত

      প্রণালীঃ

      • বিচি সারারাত পানিতে ভিজিয়ে রেখে ধুয়ে ছিলে নিন।
      • তারপর বিচিগুলো পানিতে দিয়ে ভালভাবে সিদ্ধ করে পানি ঝরিয়ে নিন। সিদ্ধ বিচি ঠান্ডা করে ভাল করে মাখিয়ে নিন। 
      • তারপর বাকি সব উপকরণ দিয়ে আবার ভাল করে মাখিয়ে পরিবেশন করুন।

      - Copyright © টক ঝাল মিষ্টি - Powered by Blogger - Thanks to Johanes Djogan -