কাটা মশলায় গরুর মাংস

উপকরণঃ
  • গরুর মাংস- ২ পাউন্ড 
  • পেঁয়াজ কুঁচি- ২ টি মাঝারি
  • আলু- ৩ টি মাঝারি (৪ টুকরা করুন এবং হালকা ভেজে নিন) 
  • শুকনা মরিচ- ৮-৯ টি অথবা আপনার স্বাদ অনুযায়ী (মাঝখান থেকে চিরে দিন) 
  • আদা কুঁচি- ২ টেবিল চামচ
  • রসুন কুঁচি - ২ টেবিল চামচ
  • আস্ত জিরা- ১ টেবিল চামচ
  • এলাচ - ৬-৭ টি 
  • দারুচিনি - ৩-৪ টি
  • তেজপাতা-৩ টি
  • টক দই- ১/২ কাপ (না হলেও চলবে)
  • তেল- আনুমানিক ১/২ কাপ
  • লবন- দেড় চা চামচ অথবা আপনার স্বাদ অনুযায়ী
পদ্ধতিঃ 
  • মাংস কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিন। আদা,রসুন,টক দই এবং লবন মাংসে মাখিয়ে ১ ঘণ্টা রেখে দিন।
  • পাত্রে তেল গরম করে এলাচ, দারুচিনি এবং তেজপাতা দিয়ে একটুখানি নাড়ুন। এরপর পেঁয়াজ কুঁচি এবং মরিচ দিয়ে হালকা বাদামি হওয়া পর্যন্ত ভাজুন।
  • এরপর মাংস দিয়ে ভাল করে নেড়ে ঢেকে দিন। মাংস থেকে যে পানি বের হবে তা শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করুন। এবার আলু দিয়ে ভাল করে কষিয়ে নিন।
  • ৪ কাপ এর মত পানি দিয়ে ঢেকে দিন। মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন।

ভিন্ন স্বাদে গরুর মাংস

উপকরন:
  • গরুর মাংস- ২ কেজি
  • চালের গুড়া-১/২ কাপ
  • পেঁয়াজ কুচি- ১ কাপ
  • পেঁয়াজ বাটা- ২ টেবিল-চামচ
  • রসুন বাটা- ২ চা চামচ
  • আদা বাটা- ২ চা চামচ
  • জিরা গুঁড়া- ১ চা চামচ
  • ধনে গুঁড়া- ১ চা চামচ
  • হলুদ গুঁড়া- দেড় চা চামচ
  • শুকনো/লাল মরিচের গুঁড়া- ২ চা চামচ অথবা স্বাধমত
  • গরমমশলা গুঁড়া-১ চা চামচ
  • এলাচ- ৫-৬ টি
  • দারুচিনি- ৩-৪ টুকরা
  • তেজপাতা- ৪ টি
  • জিরা- ১ চা চামচ( গোটা)
  • কাঁচা মরিচ- ৫-৬ টি
  • লবন- ২ চা চামচ অথবা স্বাধমত
  • তেল- ১ কাপ
প্রনালিঃ
  • গরুর মাংস মাঝারি আকারে কেটে, ধুয়ে, পানি ঝরিয়ে নিন।
  • মাংসের সাথে গুঁড়া মশলা, বাটা মশলা (চালের গুঁড়া বাদ দিয়ে) ও লবন দিয়ে ভাল করে মিশিয়ে ১/২ ঘন্টা রেখে দিন।

  • প্রেসার কুকারে আধা কাপ তেল গরম করে গোটা মশলা দিন। ভাল করে নাড়াচাড়া করে তাতে আধা কাপ কাটা পেঁয়াজ দিয়ে ভাল করে ভাজুন। পেঁয়াজ নরম হয়ে আসলে গরুর মাংস দিয়ে ভাল করে কষিয়ে নিন। পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। এরপর ১ কাপ গরম পানি দিয়ে ফুটে উঠলে কুকারের ঢাকনা লাগিয়ে দিয়ে ৪ বার সিটি বাজা পর্যন্ত অথবা ১৫ মিনিট মত অপেক্ষা করুন (প্রেসার কুকারভেদে সময় কম বেশি লাগতে পারে)।
  • রান্না হয়ে গেলে প্রেসার কুকার ঠান্ডা হওয়া পর্যন্ত সময় দিন। এরপর ঢাকনা খুলে ৪ কাপ গরম পানি দিয়ে আবার সেদ্ধ করুন। একটি পাত্রে আধ কাপ চালের গুড়ায় ১ কাপ গরম পানি দিয়ে ভাল করে মেশান। এরপর মিস্রনটি আস্তে আস্তে মাংসে ঢেলে দিন এবং ক্রমাগত নাড়তে থাকুন যেন নিচে না লেগে যায় ও চালেল গুঁড়া একজায়গায় জমাট বেঁধে না যায়। এরপর ২/৩ মিনিট রান্না করে চুলা থেকে নামিয়ে নিন।
  • এবার একটি বড় পাত্রে বাকি ১/২ কাপ তেল গরম দিয়ে তাতে ২টি তেজপাতা এবং গোটা জিরার ফোঁড়ন দিন। একটু ভাজা হলে বাকি ১/২ কাপ পেঁয়াজ দিয়ে লাল করে ভাজুন। এরপর মাংস দিয়ে ভাল করে মিশিয়ে ৫ মিনিট রান্না করে নামিয়ে নিন।
  • গরম গরম পরিবেশন করুন ভিন্ন স্বাদের গরুর মাংস।

গরুর মাংসের কারি

উপকরণ:
  • গরুর মাংস - ২ পাউন্ড    
  • পেয়াজ বাটা - ২ টেবিল চামচ 
  • পেয়াজ  (কাটা)- ১/২ কাপ 
  • রসুন বাটা - ১ টেবিল চামচ
  • আদা বাটা - ১ টেবিল চামচ
  • হলুদ গুড়া - ১ চা চামচ
  • লালমরিচ গুড়া - ১ চা চামচ
  • গরম মশলা গুড়া - ১ চা চামচ
  • জিরা গুড়া - ১ চা চামচ
  • গোলমরিচ - ১/২ চা চামচ
  • লবঙ্গ - ২-৩ টা 
  • এলাচ - ২-৩ টা 
  • দারচিনি - ২-৩ টা 
  • তেজপাতা  - ২ টা 
  • লবন - ২ চা চামচ 
  • তেল - ১/২ কাপ 
  • আলু (ঐচ্ছিক) - মাঝারি আকারের ২টা
পদ্ধতি:
  1. আপনার গরুর মাংস পছন্দমতো  আকারে কেটে নিন। তারপর ভালো করে ধুয়ে পানি ছেঁকে নিন।
  2. সমস্ত মশলা বাটা, গুড়া আর লবন (কাটা পেয়াজ ও গোটা মশলা বাদে) মাংসে যোগ করুন আর ভালোভাবে মিশান।এভাবে ২০-৬০ মিনিট রেখে দিন যাতে করে মসলা মাংসে ঢুকে যায়।
  3. এখন একটি প্রেসার কুকারে তেল দিয়ে মাঝারি তাপে গরম করুন। এতে গোটা মশলাগুলো দিয়ে ৫ সেকেন্ড ভাজুন, এরপর কাটা পেয়াজ দিন আর পেয়াজ বাদামী না হওয়া পর্যন্ত ভাজুন। 
  4. তারপর এতে মাংস দিয়ে ২০-৩০ মিনিট সিদ্ধ করুন।প্রয়োজনে একটু পানি যোগ করতে পারেন কিন্তু বেশি পানি দেবেন না।
  5. এখন মাংসে আলু যোগ করে নাড়ুনএবং ২ কাপ গরম পানি দিয়ে ফুটে না উঠা পর্যন্ত অপেক্ষা করুন।
  6. এরপর প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে দিন এবং ৪-৫ টি শিস বা ২০ মিনিট পর্যন্ত অপেক্ষা করুন।
  7. চুলা বন্ধ করে দিয়ে প্রেসার কুকারের চাপ কমা পর্যন্ত অপেক্ষা করুন।
  8. এখন ঢাকনা খুলে নিন আর ভাত/রুটি/পরোটার সাথে আপনার মাংস পরিবেশন করুন।

গরুর মাংসের কোফতা কারি

উপকরনঃ
কোফতার জন্যঃ
  • গরুর মাংসের কিমা -  ২৫০ গ্রাম
  • পেঁয়াজকুচি - ১টি মাঝারি আকারের 
  • হলুদ গুঁড়া - ১/২ চা চামচ
  • কাঁচা মরিচকুচি- ২ টেবিল চামচ
  • জিরা গুঁড়া - ১/২ চা চামচ
  • গরম মসলা গুঁড়া - ১/২ চা চামচ
  • আদা বাটা - ১/২ চা চামচ
  • রসুন বাটা - ১/২ চা চামচ
  • ধনে পাতাকুচি - ১ টেবিল চামচ
  • ব্রেডক্রাম্ব - ১/২ কাপ
  • ডিমের কুসুম - ১টি
  • তেল - ৪ টেবিল চামচ + ১ কাপ ( কোফতা ভাজার জন্য )
  • লবন - ১/৪ চা চামচ বা স্বাদমত

ঝোলের জন্যঃ
  • পেঁয়াজ বাটা - ২ টেবিল চামচ
  • আদা বাটা - ১/২ চা চামচ
  • রসুন বাটা - ১/২ চা চামচ
  • লাল মরিচ গুঁড়া - ১/৪ চা চামচ
  • হলুদ গুঁড়া - ১/৪ চা চামচ
  • জিরা গুঁড়া - ১/২ চা চামচ
  • এলাচ - ২টি
  • দারুচিনি - ১ স্টিক
  • লবঙ্গ - ২টি
  • তেজপাতা - ২টি
  • দই - ১ টেবিল চামচ (ফেটানো)
  • তেল - ২ টেবিল চামচ
  • লবন - ১/৪ চা চামচ বা স্বাদমত
  • ধনে পাতাকুচি- ১ টেবিল চামচ(সাজানোর জন্য)
পদ্ধতিঃ
  • একটি প্যানে ৪ টেবিল চামচ তেল গরম করে অর্ধেক পেঁয়াজকুচি দিন এবং নরম না হওয়া পর্যন্ত ভাজুন। তারপর কোফতার সমস্ত গুঁড়া মসলা এবং বাটা মসলা দিয়ে কিছুক্ষন কষান। তারপর ১ টেবিল চামচমত পানি দিয়ে নেড়ে দিন এবং মসলা থেকে তেল আলাদা হয়ে আসা পর্যন্ত কষান।
  • এবার গরুর মাংসের কিমা যোগ করে মাঝারি তাপে  কয়েক মিনিটের জন্য নাড়ুন। এরপর ১/২ কাপ পানি দিয়ে মাংস রান্না করুন।
  • মাংস সিদ্ধ হয়ে নরম এবং শুকনো ভাজা ভাজা হয়ে আসলে চুলা থেকে নামিয়ে একটি বাটিতে নিন । এতে বাকি অর্ধেক পেঁয়াজ কুঁচি, কাঁচা মরিচকুচি, ব্রেড ক্রাম্ব এবং ডিমের কুসুম দিয়ে ভালোভাবে মেশান। এরপর হাত দিয়ে গোলাকার কোফতা তৈরি করুন।
  • প্যানে মাঝারি তাপে তেল গরম করে তাতে কোফতা দিন এবং সবদিক সুন্দর বাদামী রঙ করে ভেজে নিন।  ভাজা হয়ে গেলে কোফতা তেল থেকে তুলে নিন এবং  অতিরিক্ত তেল শোষণের জন্য একটি কিচেন টাওয়াল বা টিস্যুর উপর রাখুন।
  • এবার অন্য একটি প্যানে তেল গরম করে দারুচিনি, এলাচ, তেজ পাতা দিন এবং কিছুক্ষন নাড়ুন। এবার ঝোলের সব গুঁড়া মসলা ও বাটা মসলা দিয়ে কষান।
  • মসলা থেকে তেল আলাদা হয়ে আসলে টকদই দিয়ে নাড়ুন। এরপর ১ কাপমত পানি দিয়ে মিশ্রণটি ফুটতে দিন। ঝোল ফুটে উঠলে তাতে কোফতাগুলো দিয়ে দিন এবং প্যানে ঢাকনা দিয়ে ৫ মিনিটমত রান্না করুন। তারপর কোফতাগুলো অপর পাশে উল্টে দিয়ে প্যান আবার ঢেকে দিন এবং আরও ৫ মিনিট রান্না করুন।
  • তারপর চুলার আঁচ কমিয়ে দিয়ে  মিশ্রণটি অল্প তাপে কয়েক মিনিটের জন্য রেখে দিন এবং তারপর চুলা বন্ধ করে দিন। রান্না হয়ে গেলে কোফতা কারি পরিবেশন পাত্রে নিয়ে উপরে ধনেপাতাকুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন ।

তেহারি

উপকরনঃ 
  • গরুর মাংস- ১ কেজি
  • বাসমতি চাল- ১/২ কেজি 
  • আদা বাটা- ২ টেবিল চামচ 
  • রসুন বাটা - ২ টেবিল চামচ 
  • পেঁয়াজ বাটা- ১/২ কাপ 
  • পেঁয়াজ কুচি- ১ কাপ
  • টকদই- ১ টেবিল চামচ 
  • জিরার গুঁড়া - ২ চা চামচ 
  • গরম মসলা গুঁড়া- ১ চা চামচ 
  • লাল মরিচ গুঁড়া- ১/২ চা চামচ 
  • গোলমরিচ গুঁড়া- ১/২ চা চামচ 
  • জয়ফল গুঁড়া- ১/২ চা চামচ 
  • কাঁচা মরিচ - ৮-৯ টা
  • এলাচ - ২ টা
  • দারচিনি -২ টা 
  • লবঙ্গ - ২ টা 
  • তেজপাতা- ২ টা 
  • চিনি- ১ টেবিল চামচ 
  • দুধ - ১ কাপ 
  • তেল- ২/৩ কাপ 
  • ঘি - ৩ টেবিল চামচ 
  • লবন - ৩ চা চামচ বা স্বাদমত 
  • পানি - আনুমানিক ৩ কাপ
প্রণালীঃ
  • মাংস ১ ইঞ্ছি আকারে ছোট টুকরা করে ভাল করে ধুয়ে পানি ঝরিয়ে নিন।
  • এবার একটি পাত্রে মাংস নিয়ে টকদই, সব বাটা মসলা, গুঁড়া মসলা, ২ চা চামচ লবন, ও ৩ টা কাঁচামরিচ দিয়ে ভালভাবে মাখিয়ে ১ ঘন্টা মেরিনেট করে রাখুন।
  • প্রেশার কুকারে তেল গরম করে আস্ত গরম মসলা ও পেঁয়াজকুচি দিয়ে বাদামি করে ভাজুন। 
  • পেঁয়াজ ভাজা হয়ে গেলে মেরিনেট করে রাখা গরুর মাংস দিয়ে তেল আলাদা হয়ে আসা পর্যন্ত কষান। তারপর ১/২ কাপ মত পানি দিন। পানি ফুটে উঠলে কুকারের ঢাকনা বন্ধ করে মাঝারি আঁচে ১০-১২ মিনিট বা ৫-৬ টা হুইসেল আসা পর্যন্ত রান্না করুন। 
  • এবার প্রেশার কুকার নামিয়ে রেখে অন্য একটি বড় পাত্রে ৩ কাপ মত পানি ফুটাতে দিন। পানি ফুটে উঠলে তাতে ১ কাপ দুধ, ১ চা চামচ লবন , চিনি, ধুয়ে রাখা চাল ও বাকি কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে দিন। 
  • চাল ৫০% মত রান্না হলে ঢাকনা খুলে উপরে রান্না করে রাখা মাংসগুলো দিয়ে আস্তে আস্তে মিশিয়ে দিন। এবার পাত্রের ঢাকনা দিয়ে চুলার আঁচ কমিয়ে দিন। ৫ মিনিট পর আবার একবার নেড়ে দিয়ে ২৫/৩০ মিনিট খুব কম আঁচে দমে রেখে দিন। ঢাকনা দিয়ে যেন ভাপ চলে যেতে না পারে তাই ভাল করে ঢেকে দিবেন।
  • রান্না হয়ে গেলে ঢাকনা খুলে সাবধানে মিশিয়ে নিয়ে পাত্রে ঢেলে নিন। উপরে পেঁয়াজের বেরেস্তা ছড়িয়ে দিয়ে গরম গরম পরিবেশন করুন তেহারি। 

ছোলার ডালে গরুর মাংস

উপকরণ :
  • গরুর মাংস - ১  পাউন্ড (ছোট করে কাটা )
  • ছোলার  ডাল - ১/২ কাপ 
  • পেঁয়াজ - ১ টি মাঝারি ( কুচানো )
  • লাল মরিচের গুড়া - ১ চা চামচ বা আপনার স্বাদ  মত 
  • হলুদের গুড়া -৩/৪ চা চামচ 
  • জিরার গুড়া -১চা চামচ
  • গরম মসলার গুড়া -১চা চামচ
  • ধনিয়া গুড়া -১/২  চা চামচ
  • আদা বাটা -১ টেবিল চামচ 
  • রসুন বাটা -১ টেবিল চামচ 
  • তেল- আনুমানিক ৮ চা চামচ 
  • লবন -১ চা চামচ বা আপনার স্বাদ মত 
পদ্ধতি  :
  • মাংস ধুয়ে  ছোট করে কেটে নিন। 
  • ডাল , পেয়াজ ও তেল ছাড়া বাকি সব উপকরণ মাংসের সাথে মিশিয়ে ৩০ মিনিট রেখে দিন। 
  • প্রেসার কুকারে তেল গরম করে পেয়াজ কুচি দিয়ে নাড়ুন পেঁয়াজ নরম না হওয়া পর্যন্ত। পেঁয়াজ নরম হয়ে গেলে তাতে মাংস দিয়ে ১৫ মিনিট বা মাংসের পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করুন। মাঝে মাঝে নেড়ে দিন।
  • ডাল  ধুয়ে মাংসের মধ্যে  দিয়ে ১ মিনিট এর মত নেড়ে ২ কাপ গরম পানি দিয়ে পানি ফুটে উঠা পর্যন্ত অপেক্ষা করুন। প্রেসার কুকারের মুখ ঢেকে দিয়ে ৩/৪ টি হুইসেল দেওয়া পর্যন্ত বা ১৫ মিনিট  অপেক্ষা করুন। 
  • চুলা থেকে প্রেসার কুকার নামিয়ে কিছুক্ষণ পর ঢাকনা খুলে মাংস পরিবেশন পাত্রে নামিয়ে নিন।
  • রুটি , পরোটা , লুচি ,বা ভাতের সাথে পরিবেশন করুন। 

- Copyright © টক ঝাল মিষ্টি - Powered by Blogger - Thanks to Johanes Djogan -