লাউ এর খোসা ভর্তা
উপকরনঃ
- লাউ এর খোসা- আনুমানিক ১ ও ১/২ পাউন্ড লাউ থেকে ছিলে নিন
- কাঁচামরিচ - ৩ টা
- পেঁয়াজকুচি - ২ টেবিল চামচ
- হলুদ গুঁড়া- ১ চিমটি
- জিরা গুঁড়া - ১/২ চা চামচ
- লবন - ১/২ চা চামচ বা স্বাদমত
- ডিম- ১ টা (আপনি চাইলে ডিম ব্যবহার নাও করতে পারেন)
- ধনেপাতা কুচি- ১ টেবিল চামচ
- তেল- ১/২ টেবিল চামচ
পদ্ধতিঃ
- একটি প্যানে অল্প পানি নিয়ে তাতে লাউ এর খোসা, কাঁচামরিচ ও লবন দিয়ে সিদ্ধ করে নিন। খোসা নরম হয়ে আসলে চুলা বন্ধ করে ঠান্ডা হতে রাখুন।
- ঠান্ডা হলে সিদ্ধ খোসা ও কাঁচামরিচ শিল-পাটায় নিয়ে পিষে নিন। আপনি চাইলে চপারে দিয়েও খোসা পেস্ট করে নিতে পারেন।
- এবার প্যানে তেল গরম করে তাতে পেঁয়াজকুচি দিন এবং হাল্কা নরম হয়ে আসা পর্যন্ত ভাজুন। তারপর বেটে রাখা খোসা তাতে দিয়ে, সামান্য হলুদ গুঁড়া, জিরা গুঁড়া ও লবন দিন এবং ভালভাবে নেড়ে দিন।
- মিশ্রণটি ২ মিনিটমত ভেজে ডিম দিন এবং ক্রমাগত নাড়তে থাকুন যেন ডিম ভালভাবে মিশ্রণটির সাথে মিশে যায়।
- মিশ্রনটি থেকে পানি শুকিয়ে আসা পর্যন্ত ভাজুন। তারপর ধনেপাতাকুচি উপরে ছড়িয়ে দিয়ে চুলা বন্ধ করে দিন।
- লাউ এর খোসা ভর্তা গরম ভাতে সাথে পরিবেশন করুন।
লাউ ভাজি
উপকরণঃ
- লাউ -১ টি ( আনুমানিক পৌনে ১ কেজি)
- পেঁয়াজ(কুঁচি)- ১ টি বড়
- হলুদের গুঁড়া- ১ চা চামচ
- কাঁচা মরিচ- ৭-৮ টি বা স্বাদ অনুযায়ী ( মাঝখান থেকে চিরে দিন)
- তেল- আনুমানিক ৬ টেবিল চামচ
- লবন- ১ চা চামচ বা স্বাদ অনুযায়ী
পদ্ধতিঃ
- লাউএর খোসা ফেলে ধুয়ে নিন। খুব চিকন এবং লম্বা করে কেটে নিন।
- প্যানে তেল গরম করে পেঁয়াজ কুঁচি দিয়ে নরম না হওয়া পর্যন্ত ভাজুন।কাঁচা মরিচ দিয়ে কিছুক্ষন নেড়ে কুঁচি করে কাটা লাউ দিয়ে দিন। একটু নেড়ে হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে ভাল ভাবে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন।
- আনুমানিক ১০ মিনিট অথবা লাউ সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন। মাঝে মাঝে নেড়ে দিন। ঢাকনা খুলে আরও ৩-৪ মিনিট ভেজে নামিয়ে ফেলুন।
- সাদা ভাতের সঙ্গে পরিবেশন করুন।
লাউ চিংড়ি
উপকরণঃ
- লাউ - ৫০০ গ্রাম
- চিংড়ি - ২০০ গ্রাম
- পেঁয়াজ বাটা - ৬ চা চামচ ( আপনি পেঁয়াজ বাটার পরিবর্তে ১/২ কাপ পেঁয়াজ কুঁচিও দিতে পারেন)
- রসুন বাটা- ২ চা চামচ
- জিরার গুঁড়া- ৩/৪ চা চামচ
- হলুদের গুঁড়া- ১ চা চামচ
- কাঁচা মরিচ বাটা- ১ চা চামচ অথবা আপনার স্বাদ অনুযায়ী ( মরিচ বাটার পরিবর্তে আপনি আস্ত কাঁচা মরিচ চিরেও দিতে পারেন)
- লবন - ১ চা চামচ অথবা আপনার স্বাদ অনুযায়ী
- তেল - ১/৪ কাপ
- ধনিয়া পাতা কুঁচি- ২ টেবিল চামচ (না হলেও চলবে)
পদ্ধতিঃ
- লাউএর খোসা ফেলে ধুয়ে আনুমানিক ১/২ ইঞ্চি পাতলা করে কেটে নিন। চিংড়ি পরিষ্কার করে ধুয়ে রাখুন।
- পাত্রে তেল দিয়ে মাঝারি আঁচে গরম করুন। তেলে সমস্ত গুঁড়া মশলা,বাটা মশলা এবং লবন দিয়ে ভাল করে কষিয়ে নিন। যখন মশলা থেকে তেল আলাদা হয়ে যাবে তখন লাউ এবং চিংড়ি মাছ দিয়ে ভাল করে নাড়ুন। ১০ মিনিট মাঝারি আঁচে রান্না করুন। মাঝে মাঝে নেড়ে দিন। এরপর দেড় কাপ উষ্ণ গরম পানি দিয়ে ফুটিয়ে তুলুন এবং ঢেকে দিন।
- অল্প আঁচে ১৫- ২০ মিনিট অথবা লাউ সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন।
- এখন তরকারীর উপরে ধনিয়া পাতা কুঁচি ছিটিয়ে আরও মিনিট দুএক রান্না করে নামিয়ে ফেলুন। সাদা ভাতের সাথে পরিবেশন করুন।







