পরটা কাবাব রোল

উপকরণঃ
কাবাবের জন্যঃ
  • গরুর মাংসের কিমা -  ২৫০ গ্রাম
  • পেঁয়াজকুচি  - ২ টেবিল চামচ
  • হলুদগুঁড়া- ১/৪চা চামচ
  • লাল মরিচের গুঁড়া - ১/৪ চা চামচ
  • কাঁচা মরিচকুচি - ৩টি
  • জিরা গুঁড়া - ১/২ চা চামচ
  • ধনিয়া গুঁড়া - ১/২ চা চামচ
  • গরম মসলা গুঁড়া - ১/২ চা চামচ
  • আদা বাটা - ১/২ চা চামচ
  • রসুন বাটা - ১/২ চা চামচ
  • কর্ন ফ্লাওয়ার - ২ টেবিল চামচ
  • ধনে পাতা কুচি - ১ টেবিল চামচ
  • তেল - ২ টেবিল চামচ + ১ কাপ
  • লবন - ১/৪ চা চামচ অথবা স্বাদমত 
  • টুথপিক - ৫-৬টি

পরোটার জন্যঃ 
  •  ময়দা - ১ কাপ
  • লবন - ১/৪ চা চামচ
  • চিনি - ১/৪ চা চামচ (ঐচ্ছিক)
  • গরম পানি
  • ভাজার জন্য তেল - ২ টেবিল চামচ












পদ্ধতিঃ
  • একটি প্যানে  ২ টেবিল চামচ তেল গরম করে তাতে ১ টেবিল চামচ পেঁয়াজকুচি দিন এবং পেঁয়াজ নরম হয়ে আসা পর্যন্ত ভাজুন। এরপর এতে কাবাবের সব উপাদান (কাঁচা মরিচ,কর্ন ফ্লাওয়ার , ধনে পাতা ছাড়া) দিয়ে কিছুক্ষন ভাজুন এবং তারপর কিমা দিয়ে নেড়ে ভালো ভাবে মসলার সাথে মিশিয়ে দিন।
  • কিমায় ১/২ কাপ পানি দিন এবং কিমা সিদ্ধ হয়ে নরম আর শুকনো  হয়ে আসা পর্যন্ত রান্না করুন।
  • রান্না হয়ে গেলে কিমা প্যান থেকে নামিয়ে নিন এবং অতিরিক্ত তেল শোষণের জন্য একটি কিচেন টিস্যুর উপর রাখুন।
  • এখন কাঁচা মরিচ , কর্ন ফ্লাওয়ার , ধনে পাতা এবং অবশিষ্ট পেঁয়াজকুচি তৈরি কিমায় দিয়ে ভালো ভাবে মেশান। এরপর কিমা দিয়ে লম্বা আকৃতির কাবাবের রোল বানান।
  • একটি প্যানে ১ কাপ তেল গরম করে তাতে মাঝারি তাপে কাবাবগুলো ভাজুন। কাবাবের রঙ লালচে বাদামি হয়ে আসা পর্যন্ত ভাজতে হবে। ভাজা হয়ে গেলে কাবাব প্যান থেকে তুলে নিয়ে এক পাশে রেখে দিন।
  • এখন এই লিংক (Plain Parata(পরটা)) অনুসরন করে পরটা বানিয়ে নিন।
  • পরোটার এক কোনায় একটি কাবাব রোল রেখে পরোটার রোল তৈরি করুন এবং পরোটার মাঝখানে ১টি টুথপিক আটকে দিন।
  • একইভাবে বাকি রোলগুলো তৈরী করে আপনার পছন্দ অনুযায়ী ডেকোরেশন করুন এবং পরিবেশন করুন সুস্বাদু পরটা কাবাব রোল।

কিমা পরাটা


উপকরণঃ
পুরের জন্যঃ
  • গরুর মাংস / খাসির মাংসের কিমা - ২৫০ গ্রাম
  • পেঁয়াজকুচি - মাঝারি আকারের ১টি
  • লাল মরিচ গুঁড়া – ১/২ চা চামচ
  • হলুদ গুঁড়া – ১/২ চা চামচ
  • জিরা গুঁড়া – ১/২ চা চামচ
  • গরম মসলা গুঁড়া – ১/২ চা চামচ
  • আদা বাটা -১/২ চা চামচ
  • রসুন বাটা – ১/২ চা চামচ
  • ধনে পাতাকুচি – ২ চা চামচ (ঐচ্ছিক)
  • তেল – ১ টেবিল চামচ
  • লবন – ১/২ চা চামচ অথবা স্বাদ অনুযায়ী
পরটার জন্যঃ
  • ময়দা - ১ কাপ
  • তেল – ২ টেবিল চামচ
  • লবন – ১/৪ চা চামচ
  • কুসুম গরম পানি
ভাজার জন্যঃ
  • তেল বা ঘি – ১ টেবিল চামচ
পদ্ধতিঃ
  • একটি প্যানে তেল গরম করে তাতে পেঁয়াজকুচি দিয়ে নরম হওয়া পর্যন্ত ভাজুন। তারপর এতে মাংসের কিমা ছাড়া পুরের সব উপকরনগুলো দিয়ে এক মিনিটমত ভাজুন। এরপর মাংসের কিমা  দিয়ে আরও এক মিনিটমত ভাজুন। এবার তাতে ১/২ কাপ পানি দিন এবং কিমা সিদ্ধ হয়ে শুকিয়ে আসা পর্যন্ত রান্না করুন।
  • কিমা রান্না হয়ে গেলে প্যান থেকে নিয়ে একটি কিচেন টাওয়াল বা টিস্যুর উপর রাখুন অতিরিক্ত তেল শোষণের জন্য।
  • একটি বাটিতে ময়দা ও লবণ নিয়ে মেশান। এরপর তেল দিয়ে ভালো ভাবে ময়দার সাথে মেশান।এবার ধীরে ধীরে কুসুম গরম পানি দিয়ে ময়দা ভালভাবে মেখে নরম খামির তৈরি করুন।
  • খামির তৈরি হয়ে গেলে তা মাঝারি সাইজের বলে ভাগ করুন। এবার একটি বল নিয়ে তা চাপ দিয়ে চ্যাপ্টা গোলাকার করুন (খেয়াল রাখবেন যেন বলের পাশ অপেক্ষা মাঝখানটা কিছুটা মোটা থাকে)।
  • মাঝখানের পুরু জায়গায় বলের চেয়ে কিছুটা কম  পরিমাণ কিমার পুর নিন এবং সাবধানে চারপাশটা এমনভাবে মুড়ে নিন যেন কিমা খামিরের ভিতর পুরোপুরি বন্ধ হয়ে যায়।
  • এবার কিমা ভর্তি খামিরের বলটি রুটি বেলার পিঁঁড়িতে নিয়ে বেলন দিয়ে পুরু করে রুটি বেলে নিন (বেলার সুবিধার জন্য শুকনো ময়দা ছিটিয়ে দিতে পারেন রুটির উপর)। (রুটি তৈরির সময় খামিরে কোন বুদবুদ থাকলে কাঁটাচামচ দিয়ে  চাপ দিয়ে বাতাস বের করে দিন।)
  • একইভাবে বাকি রুটিগুলো তৈরি করে নিন।
  • এখন ফ্রাইং প্যান গরম  করে ৩০ সেকেন্ডের জন্য পরোটার একপাশ সেঁকে নিন, তারপর অপর দিকে উল্টে দিয়ে আবার ৩০ সেকেন্ডের জন্য সেঁকুন । এরপর প্যানে তেল গরম করে পরোটার উভয় পাশ হাল্কা বাদামী করে ভেজে নিন। 
  • ভাজা হয়ে গেলে পেপার টাওইয়েল বা টিস্যুতে উঠিয়ে নিন এবং গরম গরম কিমা পরটা কেচাপ বা ধনে পাতার চাটনির সাথে পরিবেশন করুন।

- Copyright © টক ঝাল মিষ্টি - Powered by Blogger - Thanks to Johanes Djogan -