মচমচে ফুলকপি


উপকরনঃ

  • ফুলকপির ফুল- ১০-১২ টা (১ ইঞ্চি করে কাটা)
  • চালের গুঁড়া - ৪ টেবিল চামচ
  • কর্ণফ্লাওয়ার - ১ টেবিল চামচ
  • জিরা গুঁড়া - ১/২ চা চামচ
  • লাল মরিচ গুঁড়া - ১/ ২ চা চামচ
  • হলুদ গুঁড়া - ১/৪ চা চামচ
  • ডিম - ১ টা
  • সয়া সস- ১ চা চামচ
  • চিনি - ১/২ চা চামচ
  • লবণ - ১/২ চা চামচ + ১ চা চামচ
  • পানি - ৩ টেবিল চা চামচ (ব্যাটার বানানোর জন্য)
  • তেল- ডুবো তেলে ভাজার জন্য
পদ্ধতিঃ
  • একটি বাটিতে চালের গুঁড়া, কর্ণফ্লাওয়ার, জিরা গুঁড়া, লাল মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ১/২ চা চামচ লবণ ও চিনি নিয়ে ভাল করে মিশিয়ে রাখুন।
  • অন্য একটি বাটিতে ডিম বিট করে তাতে সয়া সস ও পানি দিয়ে মিশিয়ে নিন।
  • এবার ডিমের মিশ্রনটি চালের গুঁড়ার মিশ্রনের সাথে দিয়ে ব্যাটার বানিয়ে নিন এবং ১০-১২ মিনিট রেখে দিন।
  • একটি পাত্রে পানি ও ১ চা চামচ লবণ দিয়ে ফুটাতে দিন। পানি ফুটে উঠলে তাতে ফুলগুলো দিয়ে দিন এবং ৫-৬ মিনিট বা ফুল হাল্কা নরম না হওয়া পর্যন্ত সিদ্ধ করুন।তারপর ছাকনিতে ফুলগুলো পানি ঝরিয়ে রাখুন।
  • এবার প্যানে ভাজার জন্য তেল গরম করুন। তেল গরম হলে একটি ফুল ব্যাটারে ডুবিয়ে সাবধানে তেলে ছাড়ুন। সব পাশ হাল্কা বাদামী করে ভেজে তুলুন। (ভাজার সময় তাড়াহুড়া করবেন না, তাহলে মচমচে হয়ে উঠবে না) ভাজা হয়ে গেলে পেপার টাওয়েলে বা টিস্যুতে তুলে নিন। এভাবে সব ফুলগুলো ভেজে গরম গরম নাস্তায় অথবা খিচুড়ির সাথে পরিবেশন করুন।

আস্ত ফুলকপি ভুনা

উপকরনঃ
  • আস্ত ফুলকপি - ১ টা মাঝারি আকারের
  • টমেটোকুচি-  ২ টা মাঝারি আকারের
  • মটরশুঁটি - ১ কাপ
  • পেঁয়াজকুচি- ২ কাপ
  • হলুদ গুঁড়া - ৩/৪ চা চামচ 
  • জিরা গুঁড়া - ১ চা চামচ
  • লাল মরিচ গুঁড়া - ১ চা চামচ বা পছন্দমত
  • রসুন বাটা - ১ টেবিল চামচ
  • তেল- ৫ টেবিল চামচ
  • লবণ- ২ চা চামচ বা স্বাদমত
পদ্ধতিঃ
  • ফুলকপি ধুয়ে নিচের পাতার অংশটুকু কেটে ফেলে দিন। এবার একটি বড় পাত্রে পানি সিদ্ধ করে তাতে ১ চা চামচ লবণ ও ফুলকপি দিয়ে ১০-১৫ মিনিটমত মাঝারি আঁচে সিদ্ধ করুন। সিদ্ধ হয়ে গেলে চুলা থেকে নামিয়ে ঢাকনা দিয়ে ঠান্ডা হতে রাখুন।
  • একটি বড় প্যানে তেল গরম করে পেঁয়াজ নরম করে ভাজুন। তারপর বাকি মসলাগুলো দিয়ে ২-৩ মিনিট কষান। মসলাতে অল্প পানি দিয়ে ফুটে উঠলে সিদ্ধ ফুলকপিটি দিয়ে দিন এবং সাবধানে ফুল্কপির গায়ে মসলা মাখিয়ে দিন। তারপর ঢাকনা দিয়ে কম আঁচে ১০ মিনিটমত রান্না করুন।(টিপস)



  • ফুলকপি ভুনা খিচুড়ি বা পোলাও এর সাথে গরম গরম পরিবেশন করুন।
টিপসঃ 

  • ফুলকপি রান্না করার আগে তেলে হাল্কা বাদামী করে ভেজে নিতে পারেন। 
  • আপনি চাইলে ফুলকপি বেকও করতে পারেন। সিদ্ধ ফুল্কপিটি বেকিং ট্রেতে বসিয়ে কষানো মসলাগুলো গায়ে মাখিয়ে দিন। তারপর ৪০০ ডিগ্রী ফা. এ ২০-২৫ মিনিট বেক করুন। 

- Copyright © টক ঝাল মিষ্টি - Powered by Blogger - Thanks to Johanes Djogan -